Spread the love

পানিহাটি, উত্তর ২৪ পরগনা: প্রতিবছরের ন্যায়, এবছরও আগামী ২৭শে জুন, শনিবার ২০২৬ পানিহাটির ঐতিহাসিক চিঁড়া-দধি মহোৎসব মহাসমারোহে ও যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হবে। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরসহ বিশ্বব্যাপী সমস্ত শাখামন্দিরে এই উৎসব পালন করা হয়। ইসকন পানিহাটির শ্রী শ্রী গৌর-নিতাই মন্দিরে ২৪শে জুন, বুধবার ২০২৬ থেকে ২৮শে জুন, রবিবার ২০২৬ পর্যন্ত পাঁচ দিনব্যাপী চিঁড়া-দধি মহোৎসবের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উৎসব উদযাপিত হবে।

এই মহোৎসবের সূচনা হয়েছিল শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর লীলার সঙ্গে জড়িত এক ঐতিহাসিক ঘটনার স্মরণে। ১৫১৪ খ্রিস্টাব্দে তথা ৯২১ বঙ্গাব্দে হুগলি জেলার অন্তর্গত ত্রিকৃষ্ণপুরের জমিদার শ্রী গোবর্ধন মজুমদারের একমাত্র পুত্র রঘুনাথ ছিলেন শ্রী নিত্যানন্দ-গৌরাঙ্গের একনিষ্ঠ ভক্ত। তাঁর ভক্তি ও আত্মসমর্পণে সন্তুষ্ট হয়ে নিত্যানন্দ প্রভু তাঁকে চিঁড়া-দধি ভোজের আয়োজনের নির্দেশ দেন। সেই ভোজের মাধ্যমে তিনি নিত্যানন্দ প্রভুর বিশেষ আশীর্বাদ লাভ করেন। পরবর্তীকালে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর সান্নিধ্যে এসে বৈষ্ণব সমাজে ‘রঘুনাথ দাস গোস্বামী’ নামে সুপরিচিত হন।

প্রায় পাঁচ শতাব্দীরও বেশি সময় আগে যে মহাসমারোহে এই উৎসবের সূচনা হয়েছিল, তারই ধারাবাহিকতায় আজও প্রতি বছর ভক্তদের বিপুল সমাগমে এই মহোৎসব পালিত হয়ে আসছে। ভক্তদের বিশ্বাস, এই মহোৎসবের মাধ্যমে ভক্তি, সেবা ও আধ্যাত্মিক চেতনার প্রসার ঘটে এবং সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের বার্তা ছড়িয়ে পড়ে।

বর্তমানে বিশ্বজুড়ে ইসকনের প্রতিটি কেন্দ্রে পানিহাটি চিঁড়া-দধি মহোৎসব অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তিভরে উদযাপিত হয়। শ্রীধাম মায়াপুরের উদ্যোগে পানিহাটি মন্দিরেও যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে ৫১০তম বর্ষের এই মহোৎসব পালনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর সমাগমে এবারের উৎসবও এক অনন্য আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *