Spread the love

মারাঠি নাট্যমঞ্চ ও ভারতীয় চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব বিজয়া মেহতা আর নেই। গতকাল রাতে মুম্বাই-এ তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।

মারাঠি নাট্যধারার অন্যতম পথিকৃৎ হিসেবে বিজয়া মেহতা নাটকের ভাষা, উপস্থাপনা ও মঞ্চনির্মাণে এক অভিনব দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছিলেন। তাঁর সৃজনশীলতা ও আধুনিক ভাবনা মারাঠি নাট্যচর্চাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।

তাঁর উল্লেখযোগ্য নাটকগুলির মধ্যে রয়েছে ব্যারিস্টার, সখারাম বাইন্ডার, হামিদাবাইচি কোঠি, মহানির্বাণ, পুরুষ, হয়বদন এবং ওয়াড়া চিড়েবন্দি। এইসব প্রযোজনা ভারতীয় নাট্যজগতে বিশেষভাবে সমাদৃত।

কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিজয়া মেহতা ১৯৭৫ সালে সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কারে সম্মানিত হন। এছাড়া ১৯৮৬ সালে রাও সাহেব চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব-অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

বিজয়া মেহতার প্রয়াণে ভারতীয় নাট্য ও চলচ্চিত্র জগতে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর দীর্ঘ কর্মজীবন ও সৃষ্টিশীল অবদান আগামী প্রজন্মের শিল্পীদের কাছে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।