Spread the love

শিশির মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতার শিশির মঞ্চে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ‘মহানায়ক উত্তমকুমার স্মারক রৌপ্য মুদ্রা’। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পী, প্রশাসনিক আধিকারিক ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া রাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং পর্যটন বিভাগ, শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন প্রখ্যাত বর্ষীয়ান অভিনেতা ও মাননীয়া বিধায়ক শ্রীমতী রূপা গাঙ্গুলী, প্রখ্যাত অভিনেতা শ্রী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, প্রখ্যাত অভিনেতা পদ্মশ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রখ্যাত চিকিৎসক পদ্মশ্রী সরোজ মণ্ডল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. সৌমিত্র মোহন এবং গভর্নমেন্ট ইন্ডিয়া মিন্টের চিফ জেনারেল ম্যানেজার শ্রী গোরক্ষনাথ যাদব-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মহানায়ক উত্তমকুমার বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব ও পর্দার উপস্থিতি প্রজন্মের পর প্রজন্ম ধরে বাঙালির হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে। বাংলা চলচ্চিত্রকে তিনি যে উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন, তা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর জন্মশতবর্ষে স্মারক রৌপ্য মুদ্রা প্রকাশ তাই শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং তাঁর অমর শিল্পসত্তা ও বাংলা চলচ্চিত্রে তাঁর অসামান্য অবদানের প্রতি এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য।

শিশির মঞ্চে আয়োজিত এই অনুষ্ঠানে মহানায়কের বর্ণময় অভিনয়জীবন, বাংলা চলচ্চিত্রে তাঁর অবদান এবং আগামী প্রজন্মের কাছে তাঁর শিল্পকীর্তিকে আরও ব্যাপকভাবে তুলে ধরার বিষয়েও আলোচনা হয়। মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষের এই বিশেষ উদযাপনে স্মারক রৌপ্য মুদ্রার আনুষ্ঠানিক প্রকাশ নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হয়ে রইল।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।