Spread the love

মুম্বই: ‘ডন ৩’ ঘিরে চলা বিতর্কে নতুন মোড়। অভিনেতা রণবীর সিংয়ের পাশে দাঁড়ালেন প্রবীণ চলচ্চিত্র প্রযোজক টিপি আগরওয়াল। ‘ফেডারেশন অফ ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (FWICE)-এর পদক্ষেপের বিরুদ্ধে বম্বে সিভিল কোর্টে আবেদন দায়ের করেছেন তিনি।

আদালতে দাখিল করা আবেদনে টিপি আগরওয়াল স্পষ্ট জানিয়েছেন, কোনও ব্যক্তি, সংস্থা বা বাণিজ্যিক সংগঠনের আইনগত অধিকার নেই কোনও শিল্পী বা সেলিব্রিটিকে আচমকা চলচ্চিত্র জগত থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করার। পাশাপাশি অন্যদের তাঁর সঙ্গে কাজ না করার নির্দেশ জারিকেও বেআইনি বলে দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, টিপি আগরওয়াল ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)-র প্রাক্তন সভাপতি। অতীতেও একই ধরনের ঘটনার সাক্ষী থাকার কথা উল্লেখ করে তিনি ফেডারেশনের কড়া সমালোচনা করেন। তাঁর দাবি, ২০১৭ সালেও এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার দ্বারস্থ হওয়া হয়েছিল এবং আদালত তখন স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে কোনও ফিল্ম বডি এভাবে শিল্পীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করতে পারে না।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আগরওয়াল বলেন, “ফিল্ম বডি যা করেছে তা সম্পূর্ণ ভুল এবং তাদের ক্ষমতার সীমার বাইরে। এর আগেও এমন ঘটনা ঘটেছে এবং আদালত সেই সময় স্পষ্ট রায় দিয়েছিল যে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদের নেই।”

তিনি আরও জানান, কোনও প্রযোজক বা শিল্পীর সঙ্গে সমস্যা তৈরি হলে প্রথমে সংশ্লিষ্ট শিল্প সংগঠনের কাছে বিষয়টি উত্থাপন করাই নিয়ম। সেই সংগঠন উভয় পক্ষের বক্তব্য শুনে সমাধানের চেষ্টা করে। সমাধান না হলে আইনের দ্বারস্থ হওয়াই সঠিক পথ বলে মত তাঁর।

ইম্পার ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রবীণ এই প্রযোজক। তাঁর বক্তব্য, “ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ইম্পা কেন কোনও পদক্ষেপ নিল না? কেন সবাই নীরব থেকে এই সিদ্ধান্তকে প্রশ্রয় দিল?”

বর্তমানে ইম্পার সভাপতি না থাকলেও, চলচ্চিত্র শিল্পের স্বার্থে এবং নীতিগত অবস্থান থেকে তিনি আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। ‘ডন ৩’ বিতর্কের মাঝে টিপি আগরওয়ালের মতো অভিজ্ঞ ও প্রভাবশালী প্রযোজকের সমর্থন রণবীর সিংয়ের জন্য বড় স্বস্তির বার্তা বলেই মনে করছে বলিউডের একাংশ।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।