Spread the love


কলকাতা: বর্তমান সামাজিক ও মানসিক অবক্ষয়ের আবহে শৈশব থেকেই শিশুদের সঠিক ও সুশৃঙ্খল শিক্ষার আলোয় গড়ে তোলার অঙ্গীকার নিয়ে অনুষ্ঠিত হলো ‘দ্য সোসাইটি ফর কালচারাল রিসার্চ অ্যান্ড স্টাডিজ’-এর ‘বিজয়া সম্মিলনী ২০২৬’। বিগত ১৫ই নভেম্বর বাঘাযতীনের ‘দেবালয়’ সভাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও শুভ সূচনা করেন যন্ত্রসংগীত শিল্পী ও সুরকার সৌম্য দাশগুপ্ত সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা-সভাপতি তথা চলচ্চিত্র পরিচালক স্নেহেন্দু চক্রবর্তী সমাজের দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী শিশুদের শিক্ষার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণের ঘোষণা করেন। এই প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট শিশুদের স্কুলের ফি, ব্যাগ, খাতা সহ প্রয়োজনীয় সমস্ত শিক্ষা উপকরণের ব্যয়ভার সংস্থা বহন করবে। প্রাথমিক পর্যায়ে একটি নির্দিষ্ট ছোট গ্রাম নির্বাচন করে অন্তত ২০ জন শিশুর শিক্ষার দায়িত্ব গ্রহণের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হবে। উল্লেখ্য, গত ১২ই নভেম্বর সংস্থার উপদেষ্টা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক প্রবাদপ্রতিম অভিনেতা অরুণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে এক বিশেষ বৈঠকে এই প্রকল্পের রূপরেখা চূড়ান্ত হয়। এদিন শিশুমনস্তত্ত্ব প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, বর্তমান সমাজে বাড়তে থাকা অপরাধপ্রবণতা ও আত্মহননের মতো মর্মান্তিক ঘটনাগুলোকে যদি সত্যিই নির্মূল করতে হয়, তবে একেবারে শৈশব থেকেই—অর্থাৎ গোড়া থেকেই কাজ শুরু করতে হবে। কারণ, শিশুদের মানসিক গঠন ও মূল্যবোধ তৈরির ক্ষেত্রে কোথাও না কোথাও ‘গোড়ায় গলদ’ রয়েই যাচ্ছে, যা পরবর্তীকালে সমাজে এই ধরনের অবক্ষয় ডেকে আনছে।
আলোচনা সভায় অন্যান্য বিশিষ্টজনেরাও বর্তমান সমাজ ও শিশুমনস্তত্ত্ব নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সংস্থার প্রধান মনস্তাত্ত্বিক উপদেষ্টা তথা সাহিত্যিক ও মনস্তত্ত্ব গবেষক সুমনা বাগচী মানুষের ক্রমবর্ধমান অসহিষ্ণুতা ও মানসিক নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে একে অপরের পাশে দাঁড়ানোর বার্তা দেন। নাট্যবিদ ও অভিনেতা সঞ্জীব সরকার বলেন, বিজয়া সম্মিলনীর প্রকৃত উদ্দেশ্য একত্রিত হয়ে নিঃসঙ্গ ও অসহায় মানুষের হাত ধরা।
অন্যদিকে, সাহিত্য ও প্রকাশনা উপদেষ্টা তথা অভিনেতা ও লেখক সন্দীপ চক্রবর্তী শহরের বস্তি ও প্রত্যন্ত গ্রামের শিশুদের অপসংস্কৃতির অন্ধকার থেকে সরিয়ে সুস্থ সংস্কৃতির আলোয় ফিরিয়ে আনার ওপর জোর দেন। পাশাপাশি সংস্থার রাজ্য সাংস্কৃতিক ও সাহিত্য উপদেষ্টা তথা কবি, বাচিক শিল্পী ও সমাজকর্মী ঝর্ণা ভট্টাচার্য শিশুদের একাকিত্ব কাটাতে তাদের কথা শোনা, স্কুল ও পুষ্টির খোঁজ নেওয়া এবং বৃক্ষরোপণ, গান ও আবৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে সুস্থ পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
সংস্থার সিনিয়র উপদেষ্টা ও অভিনেতা রাহুল বর্মন দীর্ঘমেয়াদি সমাজসেবামূলক কাজ পরিচালনার জন্য সংস্থার আর্থিক স্বনির্ভরতা এবং প্রয়োজনীয় আইনি ও প্রাতিষ্ঠানিক পরিকাঠামো দ্রুত সুদৃঢ় করার ওপর জোর দেন। রাহুলবাবুর এই অভিমতের সাথে একমত পোষণ করে সমর্থন জানান অধ্যাপক ও সংগীতশিল্পী অনিরুদ্ধ চট্টোপাধ্যায়ও।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিভিশন ও চলচ্চিত্রের চেনা মুখ—সংস্থার নাট্য ও সাংস্কৃতিক উপদেষ্টা তথা অভিনেতা সত্যম মজুমদার এবং সম্মানিত উপদেষ্টা সদস্য ভাস্কর ব্যানার্জী; পাশাপাশি ছিলেন চিত্রনাট্যকার ও কণ্ঠাভিনেতা বিশ্বজিৎ সেনগুপ্ত, শিল্প নির্দেশক দেবাশীষ দাস, সংস্থার সম্পাদক তথা নৃত্য নির্দেশক বিশ্বজিৎ চক্রবর্তী, সহ-সম্পাদক ও অভিনেতা পবন কুমার লাল, অভিনেতা জয়দীপ মুখার্জি, অরূপ গাঙ্গুলী ও রণিত রায়, কণ্ঠাভিনেত্রী জয়া চৌধুরী, কবি, অধ্যাপিকা ও সংগীতশিল্পী দীপালী শ্রীবাস্তব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জগজ্জ্যোতি মণ্ডল, সাংবাদিক তপন দে ও তনুশ্রী নন্দী প্রমুখ।
অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি, সাংবাদিক ও সংগীতশিল্পী স্নিগ্ধা মিত্র মুখার্জি এবং অধ্যাপক অনিরুদ্ধ চট্টোপাধ্যায়ের মনোজ্ঞ সংগীত পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। সমগ্র অনুষ্ঠানটি সুদক্ষভাবে সঞ্চালনা করেন সংস্থার প্রতিষ্ঠাতা-সভাপতি।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।