Spread the love

নিজস্ব সংবাদদাতা, নদীয়া:
বাংলা ভাষার ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে এবং পরিবর্তিত সমাজ-বাস্তবতায় ভাষার প্রয়োগ কীভাবে রূপান্তরিত হচ্ছে, এই বিষয়কে সামনে রেখে নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়-এর বাংলা বিভাগে শুরু হয়েছে সাতদিনব্যাপী প্রয়োগমূলক বাংলা ভাষা বিষয়ক কর্মশালা।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক অসীমানন্দ গঙ্গোপাধ্যায় বলেন, ভাষা সময়ের সঙ্গে স্বাভাবিকভাবেই পরিবর্তিত হয় এবং তার প্রয়োগ সমাজের পরিবর্তনেরই প্রতিফলন। তিনি ভাষার গতিশীল চরিত্র ও সমকালীন প্রাসঙ্গিকতার ওপর গুরুত্ব আরোপ করেন।

অধ্যাপক সুনন্দনকুমার সেন ফরেনসিক ভাষাবিজ্ঞানের গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক তদন্ত ও বিচারব্যবস্থায় ভাষাবিজ্ঞান ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সাহিত্যিক সিজার বাগচী তাঁর বক্তব্যে জানান, বর্তমান সময়ে ভাষা ক্রমশ ইমেজনির্ভর হয়ে উঠছে এবং পাঠযোগ্যতার বিষয়টি আগের তুলনায় অনেক বেশি গুরুত্ব পাচ্ছে।

বাংলা বিভাগের প্রধান অধ্যাপক নন্দিনী বন্দ্যোপাধ্যায় বলেন, নতুন প্রজন্মের ভাষা-ব্যবহার, শব্দচয়ন ও যোগাযোগের ধরনকে বোঝাই এই কর্মশালার মূল লক্ষ্য।

এদিকে অধ্যাপক সুখেন বিশ্বাস জানান, তরুণ সমাজের মুখে প্রচলিত নতুন শব্দ ও শব্দবন্ধ সংগ্রহ করে একটি অভিধান তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তাঁর মতে, ভাষার চলমান পরিবর্তনকে নথিভুক্ত করা ভবিষ্যৎ ভাষা-গবেষণার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাতদিনের এই কর্মশালায় ভাষাবিজ্ঞান, প্রয়োগমূলক ভাষাচর্চা, অভিধান প্রণয়ন এবং আধুনিক বাংলা ভাষার ব্যবহারিক দিক নিয়ে বিভিন্ন আলোচনা ও প্রশিক্ষণমূলক অধিবেশন অনুষ্ঠিত হবে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।