Spread the love

 শুভঙ্কর সরকার, ডোমকল, মুর্শিদাবাদ | নিজস্ব সংবাদদাতা
শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ও পুষ্পার্ঘ্য নিবেদনের জন্য মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী ভাগীরথী গঙ্গার বিভিন্ন ঘাটে সমবেত হন। এদিন জেলার বিভিন্ন প্রান্তে পুণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
মুর্শিদাবাদের কাশিমবাজার এলাকার পাতালেশ্বর মহাদেব মন্দির এবং জলঙ্গির সাগরপাড়া এলাকার বিশ্বনাথ মহাদেব মন্দিরেও জল ঢালা ও পুষ্পার্ঘ্য অর্পণকে কেন্দ্র করে সকাল থেকেই ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। দুপুরে সাগরপাড়া বিশ্বনাথ মন্দির পরিদর্শনে আসেন বিজেপির জেলা সভাপতি শ্রী সৌমেন মন্ডল সহ একাধিক রাজনৈতিক নেতৃবিন্দ। পাশাপাশি কান্দি, জিয়াগঞ্জ, রঘুনাথগঞ্জ, সালার, সূতী, রেজিনগর, বেলডাঙা, ডোমকল-রানীনগর সহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মন্দিরে মন্দিরে পুণ্যার্থীদের আগমনের কারণে ব্যাপক ভিড় দেখা যায়।
পুণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ছিলো আঁটোসাটো নিরাপত্তার ব্যাবস্থা। পাশাপাশি মুর্শিদাবাদ ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা বিভিন্ন নদী ঘাটে ও গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করেন। ঘাটগুলিতে নজরদারি, জনসচেতনতা বৃদ্ধি, পুণ্যার্থীদের নিরাপদে চলাচলে সহযোগিতা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য ভলেন্টিয়াররা সক্রিয় ছিলেন। একইসঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও প্রশাসনিক সহযোগিতার কাজেও তাঁদের দেখা যায়। তাঁদের তৎপরতার ফলে বেশ কিছু সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
পুণ্যার্থীদের সেবায় জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও উদ্যোগ নেওয়া হয়। রাস্তার পাশে ও গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ভান্ডারা, পানীয় জল এবং মেডিকেল সহায়তা কেন্দ্র গড়ে তুলে পুণ্যার্থীদের সেবা করা হয়। প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের এই সম্মিলিত উদ্যোগে ধর্মীয় আবহের মধ্যেও মানবসেবার এক সুন্দর দৃষ্টান্ত দেখা যায়।
জননিরাপত্তা, মানবসেবা ও দুর্যোগ মোকাবিলায় “নিষ্কাম সেবা-Selfless Service”-এর আদর্শকে সামনে রেখে মুর্শিদাবাদ ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা তাঁদের দায়িত্ব পালন করেন।।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *