Spread the love

রাজ্যে আজ থেকে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ। এই উপলক্ষে গণ উন্নয়ন পর্ষদের উদ্যোগে একটি সচেতনতামূলক অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা সপ্তাহ জুড়ে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং অরণ্য সংরক্ষণ নিয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় গ্রন্থাগারের প্রাক্তন অধিকর্তা এবং ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনের বিজ্ঞান ও সংস্কৃতি বিভাগের সম্পাদক অধ্যাপক সুধেন্দু মণ্ডল। তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে বৃক্ষরোপণের অভ্যাসকে এগিয়ে নিয়ে যেতে হবে। পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে গাছ লাগানোর সংস্কৃতিকে আরও জোরদার করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের অধ্যক্ষ ড. রাজর্ষি নিয়োগী বিশ্বব্যাপী উষ্ণায়নের বিপদ সম্পর্কে সতর্ক করে বলেন, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় ছোটদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। তিনি সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

IBRAD-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. রক্তিমা মুখোপাধ্যায় ‘বন্দেমাতরম’ গানের মাধ্যমে দেশের প্রকৃত রূপের কথা তুলে ধরে বলেন, দেশকে ‘সুজলং সুফলং’ হিসেবে গড়ে তুলতে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।

গণ উন্নয়ন পর্ষদের অধিকর্তা সুতপা সরকার জানান, আগামী প্রজন্মকে অরণ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও সচেতন করে তোলাই তাদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যে অনুষ্ঠানে বিভিন্ন পোস্টারের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও বনভূমি রক্ষার বার্তা তুলে ধরা হয়। বক্তারা সকলেই সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে সম্মিলিত উদ্যোগের উপর জোর দেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *