Spread the love

কলকাতা, ১৪ জুলাই: আগামী বৃহস্পতিবার মহাসমারোহে অনুষ্ঠিত হবে ইসকন কলকাতার ৫৫তম রথযাত্রা উৎসব। মধ্য কলকাতার অ্যালবার্ট রোডস্থিত ইসকন মন্দির থেকে রথযাত্রার সূচনা হবে। রথযাত্রার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।

কলকাতার গুরুসদয় রোডে ইসকনের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে ইসকন কলকাতার পক্ষ থেকে এই তথ্য জানান অনঙ্গ মোহন দাস। তিনি বলেন, এবারের রথযাত্রার মূল ভাবনা, “অশান্ত ও অস্থির পৃথিবীতে প্রতিটি হৃদয় ভরে উঠুক আনন্দ, পরিতৃপ্তি, ভ্রাতৃত্ববোধ ও শান্তির আলোয়।”

অ্যালবার্ট রোডের ইসকন মন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এ জে সি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড, এস পি মুখার্জি রোড, চৌরঙ্গী রোড, জওহরলাল নেহেরু রোড এবং আউটরাম রোড হয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অবস্থিত ‘মাসির বাড়ি’-তে পৌঁছাবে।

ইসকন কলকাতার পক্ষ থেকে অনন্ত ভগবান দাস জানান, রথযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত ও সাধারণ মানুষের সমাগম হবে। রথের সঙ্গে ভক্তরা কীর্তন ও নৃত্যে অংশ নেবেন। রাশিয়া, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু ভক্ত এই উৎসবে যোগ দিতে কলকাতায় আসবেন বলেও তিনি জানান।

ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ‘মাসির বাড়ি’-তে উল্টো রথ পর্যন্ত সপ্তাহব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কীর্তন, ভক্তিগীতি, ধর্মীয় আলোচনা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রসাদ বিতরণেরও ব্যবস্থা থাকবে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *