Spread the love ওঙ্গোলে, অন্ধ্রপ্রদেশ, ১৯ আগস্ট: ওয়েলনেস, আয়ুর্বেদ, শিক্ষা ও প্রকৃতিনির্ভর জীবনযাপনকে একই ছাদের নিচে আনার উদ্যোগ। অন্ধ্রপ্রদেশের ওঙ্গোলেতে ৫৫ একরেরও বেশি জমিতে তৈরি হতে চলেছে একটি সমন্বিত ওয়েলনেস গন্তব্য। বুধবার সাই বিষ্ণু চতুর্বাটিকায় এই প্রকল্পের ভূমিপুজোর মাধ্যমে কাজের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্ট অব লিভিং-এর প্রতিষ্ঠাতা গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর। ইবিজি গ্রুপের উদ্যোগে তৈরি হতে চলা এই বৃহৎ প্রকল্পে থাকবে কার্ল্টন ওয়েলনেস রিট্রিট, শ্রী শ্রী পঞ্চকর্ম অ্যান্ড তত্ত্ব সেন্টার এবং শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দির। প্রকল্পটির লক্ষ্য হল ওয়েলনেস-ভিত্তিক আতিথেয়তা, আয়ুর্বেদ চিকিৎসা, সমন্বিত শিক্ষা এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনকে একই পরিসরে নিয়ে আসা। কার্ল্টন ওয়েলনেস রিট্রিটের উন্নয়নের দায়িত্বে রয়েছে ইবিজি রিয়েলটি। প্রায় ৪৫ কোটি টাকা বিনিয়োগে তৈরি হতে চলা এই রিট্রিট প্রায় ১,০৫,১৩৯ বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠবে। পরিকল্পনা অনুযায়ী এখানে ৩৬টি প্লট এবং ৩৫টি দুই-বেডরুমের ভিলা থাকবে। প্রকৃতির মধ্যে কম ঘনত্বের পরিবেশে ওয়েলনেস-কেন্দ্রিক জীবনযাপনের সুযোগ তৈরি করা হবে। প্রকল্পের অন্য গুরুত্বপূর্ণ অংশ শ্রী শ্রী পঞ্চকর্ম অ্যান্ড তত্ত্ব সেন্টার। এখানে চিকিৎসকের তত্ত্বাবধানে পঞ্চকর্ম, পুনরুজ্জীবন এবং প্রতিরোধমূলক ওয়েলনেস কর্মসূচি চালুর পরিকল্পনা রয়েছে। স্বল্পমেয়াদি ওয়েলনেস কর্মসূচির পাশাপাশি আবাসিক আয়ুর্বেদ ও পঞ্চকর্ম পরিষেবাও থাকবে বলে জানা গিয়েছে। শিক্ষাক্ষেত্রেও থাকছে বিশেষ উদ্যোগ। শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যামন্দিরে প্রচলিত শিক্ষার পাশাপাশি মূল্যবোধ, চরিত্র গঠন, যোগ, ধ্যান, পরিবেশ সচেতনতা, সৃজনশীলতা এবং প্রকৃতির সঙ্গে সংযোগের উপর গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানে গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর বলেন, ওঙ্গোলের এই প্রকল্পে ওয়েলনেস, শিক্ষা ও সম্প্রদায়ের ভাবনাকে একসঙ্গে নিয়ে আসা হচ্ছে। তাঁর বক্তব্য, প্রকৃত সুস্থতা শুধু শরীরকে সুস্থ রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। শরীর, শ্বাস, মন ও বুদ্ধির পাশাপাশি জীবনের অন্যান্য দিকের যত্ন নেওয়াও জরুরি। ইবিজি গ্রুপের প্রতিষ্ঠাতা ও সিইও ড. ইরফান খান জানান, প্রকল্পে স্বচ্ছ বাতাস, প্রাকৃতিক আলো, সমন্বিত চিকিৎসা এবং প্রকৃতিনির্ভর জীবনযাপনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কম-কার্বন পদ্ধতি, জলবায়ু-উপযোগী নকশা এবং স্থানীয় ল্যান্ডস্কেপিংয়ের মাধ্যমে পরিবেশের উপর প্রভাব কমানোর পরিকল্পনাও রয়েছে। ইবিজি গ্রুপের গ্রুপ প্রেসিডেন্ট সুরেশ গোয়েল বলেন, এই বৃহৎ প্রকল্পের কেন্দ্রবিন্দু হবে কার্ল্টন ওয়েলনেস রিট্রিট। প্রকৃতি, আতিথেয়তা এবং ওয়েলনেসকে একত্রিত করে ওঙ্গোলেকে একটি নতুন ধরনের গন্তব্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। অনুষ্ঠানে ইবিজি গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা হরি কিরণ-সহ সংস্থার একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে টিয়ার-২ শহরগুলিতে ওয়েলনেস ও জীবনযাত্রাভিত্তিক উন্নয়নের একটি নতুন মডেল তৈরি করার লক্ষ্য রয়েছে। Post navigation জমি ফেরত পেতে জেলা শাসকের দ্বারস্থ পদ্মশ্রী প্রাপ্ত বাউল শিল্পী পূর্ণদাস বাউল