Spread the love

সিনেমা ও সাহিত্য :কলকাতা

কেদারনাথগামী তীর্থযাত্রীদের জন্য এক অত্যন্ত সুখবর সামনে এসেছে। যাত্রাপথের কষ্ট লাঘব করতে মহৎ উদ্যোগ নিয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। উত্তরাখণ্ডে কেদারনাথ যাওয়ার পথে, গৌরীকুণ্ডের প্রায় ১০ কিলোমিটার আগে বরাসুর এলাকায় সংঘের একটি নতুন শাখা নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে।

সম্প্রতি সংঘের প্রধান সম্পাদক পরম পূজোপাদ স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ স্বয়ং অন্যান্য স্বামীজীদের সঙ্গে নির্মাণস্থলে উপস্থিত হয়ে কাজের অগ্রগতি পরিদর্শন করেন। তিনি জানান, এই প্রকল্পটি সম্পূর্ণ হলে এটি তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠবে।

জানা গেছে, নির্মীয়মাণ এই শাখাটি হবে ছয় তলা বিশিষ্ট একটি বৃহৎ যাত্রীনিবাস, যেখানে প্রায় একশটি কক্ষ থাকবে। এতে কেদারনাথগামী হাজার হাজার তীর্থযাত্রী বিশ্রাম ও নিরাপদ আশ্রয়ের সুযোগ পাবেন। আগামী বছরের মধ্যেই এই প্রকল্প চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বামী বিশ্বাত্মানন্দজী মহারাজ আরও জানান, সংঘের মূল লক্ষ্যই হলো দুঃস্থ, অসহায় ও তীর্থযাত্রীদের সেবা করা। পাশাপাশি দেশের বিভিন্ন পবিত্র তীর্থক্ষেত্রের উন্নয়ন ও সংস্কারেও সংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

এই মহান আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শিবকল্প অবতার স্বামী প্রণবানন্দ মহারাজ। তাঁর আদর্শ অনুসরণ করেই আজও সংঘ মানবসেবার এই মহান কর্মযজ্ঞ অব্যাহত রেখেছে।

বরাসুরে এই নতুন শাখাটি চালু হলে কেদারনাথ যাত্রাপথে তীর্থযাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট মহল।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *