Spread the love কলকাতা, ২৬ জুলাই: স্বাধীনতা দিবসকে সামনে রেখে আগামী ৯ থেকে ১৭ অগস্ট পর্যন্ত রাজ্যজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের নির্দেশিকার ভিত্তিতে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর ইতিমধ্যেই সমস্ত সরকারি দফতর, জেলাশাসক এবং কলকাতা পুরসভার কমিশনার-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিস্তারিত নির্দেশিকা পাঠিয়েছে। নির্দেশিকা অনুযায়ী, জাতীয় ঐক্য, দেশপ্রেম এবং স্বাধীনতা সংগ্রামের চেতনাকে আরও শক্তিশালী করতে জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। এর মধ্যে রয়েছে তিরঙ্গা মিছিল, প্রভাতফেরি, সাইকেল র্যালি, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, প্রবন্ধ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পাশাপাশি সরকারি ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে তিরঙ্গা-থিমের আলোকসজ্জা এবং রঙোলিরও ব্যবস্থা করতে বলা হয়েছে। সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সমবেতভাবে ‘বন্দে মাতরম্’ গাওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনে উৎসাহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি জেলা এবং কলকাতা পুর এলাকার জন্য দেড় লক্ষ করে জাতীয় পতাকা সরবরাহ করবে কেন্দ্র সরকার। এছাড়া পাহাড়ি জেলা কালিম্পংয়ের জন্য ২০ হাজার জাতীয় পতাকা বরাদ্দ করা হয়েছে। কর্মসূচি পরিচালনার জন্য জেলা, মহকুমা, ব্লক, পুরনিগম ও পুরসভাগুলিকে নির্দিষ্ট হারে আর্থিক বরাদ্দও দেওয়া হবে। তথ্য ও সংস্কৃতি দফতর জানিয়েছে, কর্মসূচি শেষে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে ছবি, ভিডিও এবং অংশগ্রহণ সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট দফতরে জমা দিতে হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যজুড়ে এই বিশেষ উদ্যোগ জাতীয় পতাকার মর্যাদা ও দেশপ্রেমের বার্তা আরও বিস্তৃত করবে বলেই আশা প্রশাসনের। Post navigation উত্তম স্মরণে কেওড়াতলায় আবক্ষ মূর্তি উন্মোচন, জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর