Spread the love

হাওড়া: পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন (NHRO)-এর সহযোগিতায় গতকাল হাওড়া স্টেশনে অনুষ্ঠিত হল ‘স্বচ্ছতা সে সুরক্ষা তক’ (পরিচ্ছন্নতা থেকে নিরাপত্তা পর্যন্ত) শীর্ষক এক বৃহৎ জনসচেতনতামূলক কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব রেলওয়ের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার শীলেন্দ্র প্রতাপ সিং এবং হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বিশাল কাপুর।

বিশিষ্ট অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় জাদুঘরের অধিকর্তা ড. সায়ন ভট্টাচার্য এবং প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হাওড়া স্টেশনে নবসজ্জিত ‘রেল ফ্যান গ্যালারি’-র আনুষ্ঠানিক উদ্বোধন। উদ্বোধন করেন জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। এদিন তিনি রেলপ্রেমীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন। পাশাপাশি হাওড়া স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্জ-সহ সমগ্র স্টেশন চত্বর পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিজ্ঞতা ও মতামত শোনেন।

কর্মসূচির মূল ভাবনা ‘স্বচ্ছতা সে সুরক্ষা তক’ প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে গীতিকা পাণ্ডে নিরাপদ রেল পরিষেবা নিশ্চিত করতে পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, রেললাইন ও স্টেশন চত্বরে আবর্জনা কিংবা অপ্রয়োজনীয় সামগ্রী ফেলে রাখা রেল পরিচালনার ক্ষেত্রে গুরুতর সমস্যা তৈরি করতে পারে। এর ফলে ট্রেন চলাচলে বিলম্বের পাশাপাশি অনভিপ্রেত দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পায়।

তিনি ‘জনভাগীদারি’-র গুরুত্বের ওপর বিশেষ জোর দিয়ে প্রতিটি নাগরিক ও যাত্রীকে রেল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে ব্যক্তিগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

অন্যদিকে, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা সংক্রান্ত এই জনসচেতনতামূলক উদ্যোগকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রখ্যাত সংগীতশিল্পী ঊষা উত্থুপ সংগীত পরিবেশন করেন। তাঁর পরিবেশনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। পরিচ্ছন্ন রেল পরিবেশ গড়ে তোলা এবং নিরাপদ রেল পরিষেবা নিশ্চিত করতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের বার্তা দিয়েই শেষ হয় এই বিশেষ কর্মসূচি।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *