Spread the love বাংলা চলচ্চিত্রের ঐতিহ্য, নবীন প্রতিভার সৃজনশীলতা এবং প্রবীণ নির্মাতাদের শিল্পভাবনাকে একই ছাতার তলায় এনে চলচ্চিত্রের এক অনন্য উদ্যাপনের প্রস্তুতি শুরু হয়ে গেল। নবীন ও প্রবীণ চলচ্চিত্র নির্মাতাদের সৃষ্টিশীল কাজকে যথাযথ মূল্যায়ন ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার লক্ষ্য নিয়ে ইন্দো বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (IBIFF) ঘোষণা করল ২০২৬ সালের ১২তম বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবের আনুষ্ঠানিক আবহ আরও বিশেষ হয়ে ওঠে অফিসিয়াল পোস্টার উন্মোচনের মধ্য দিয়ে। প্রবাদপ্রতিম কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়-এর হাতে উৎসবের অফিসিয়াল পোস্টার উন্মোচিত হয়। বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়ের সঙ্গে যুক্ত এই কিংবদন্তি শিল্পীর উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে অন্য মাত্রা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসবের চেয়ারম্যান শ্রীদাস, সেক্রেটারি বিশাল বিশ্বাস, অভিনেত্রী সান্তনা বসু ও অরুনিমা চ্যাটার্জি-সহ বিশিষ্টজনেরা। চলচ্চিত্রকে কেন্দ্র করে তাঁদের উপস্থিতি এবং উৎসবের নতুন পরিকল্পনা ঘিরে অনুষ্ঠানে ছিল উৎসাহ ও প্রত্যাশার আবহ। তবে এবারের উৎসবের বিশেষ তাৎপর্য নিহিত রয়েছে এর উৎসর্গে। ২০২৬ সালের ১২তম বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উৎসর্গ করা হচ্ছে প্রবাদপ্রতিম চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের স্মৃতির প্রতি। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী এই নির্মাতার চলচ্চিত্র-ভাবনা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সমাজবাস্তবতার প্রতি তাঁর গভীর অনুরাগ আজও চলচ্চিত্রপ্রেমী ও নতুন প্রজন্মের নির্মাতাদের অনুপ্রাণিত করে চলেছে। ঋত্বিক ঘটকের চলচ্চিত্র মানেই শুধু গল্প বলা নয়—তার সঙ্গে জড়িয়ে থাকে সময়, সমাজ, মানুষের ভাঙা-গড়া এবং ইতিহাসের গভীর ক্ষত। সেই কিংবদন্তি স্রষ্টার স্মৃতিকে সামনে রেখে এবারের চলচ্চিত্র উৎসব তাই হয়ে উঠতে চলেছে বাংলা সিনেমার অতীত, বর্তমান ও ভবিষ্যতের এক সেতুবন্ধন। নতুন প্রজন্মের নির্মাতাদের স্বপ্ন, প্রবীণদের অভিজ্ঞতা এবং বিশ্ব চলচ্চিত্রের সঙ্গে বাংলার সংযোগ—এই তিনের মেলবন্ধনেই ১২তম বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৬ কতটা নতুন দিগন্ত তৈরি করতে পারে, এখন সেদিকেই তাকিয়ে চলচ্চিত্র মহল। Post navigation শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন, ১৬ ডিসেম্বর থেকে আট দিনজুড়ে সিনেমার মহোৎসব