Spread the love নিজস্ব প্রতিনিধি, বনগাঁ:২৬ জুন বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিল উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার পুলিশ প্রশাসন এবং বনগাঁ রিকভ্যারিং সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপ। শুক্রবার বনগাঁ শহরে আয়োজিত এই কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সমাজ থেকে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এদিন বনগাঁ রিকভ্যারিং সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপের পক্ষ থেকে একটি সচেতনতামূলক প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি বনগাঁ থানার পাশেই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তির পাদদেশে অস্থায়ী মঞ্চ তৈরি করে মাদকাসক্তির শারীরিক, মানসিক ও সামাজিক ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে বিস্তারিতভাবে সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ থানার আইসি ইন্দ্রনীল মহন্ত, বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সম্পাদক দীপ্তেনু বিকাশ বৈরাগী, বিশিষ্ট সাংবাদিক সীমান্ত মৈত্র, জ্যোতির্ময় চক্রবর্তী, সঙ্গীতশিল্পী পুষ্পিতা শীল-সহ এলাকার বহু বিশিষ্ট ব্যক্তি। বনগাঁ রিকভ্যারিং সোশ্যাল ওয়েলফেয়ার গ্রুপের সদস্যরা জানান, এই সচেতনতামূলক কর্মসূচির মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষের সামনে মাদকের ভয়াবহ দিকগুলি তুলে ধরা এবং মাদকাসক্তির ফলে একজন মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক জীবনে যে মারাত্মক ক্ষতি হয়, সে সম্পর্কে সচেতন করা। একই সঙ্গে যারা গোপনে মাদক বিক্রির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবিও জানানো হয়। সংগঠনের সদস্য সংকর্ষণ আচার্য তাঁর বক্তব্যে বলেন, একজন নেশাগ্রস্ত মানুষকে কীভাবে পুনর্বাসনের মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়, সেই বিষয়েও সচেতনতা তৈরি করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, যারা এখনও গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন, তারা যদি অবিলম্বে সেই কাজ বন্ধ না করেন, তাহলে আগামী দিনে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তাঁদের বিরুদ্ধে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা হবে। বিশ্ব মাদকবিরোধী দিবসে বনগাঁর এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে। আয়োজকদের মতে, প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। পোস্ট ন্যাভিগেশন ২৬ বছর পর বাংলা সিনেমায় প্রযোজক অনুপম খের, কলকাতায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, কলেজ স্ট্রিটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতি