Spread the love টেকনিশিয়ান্স স্টুডিওতে ২৬টি গিল্ডের প্রতিনিধিদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন অভিনেতা-বিধায়ক রুদ্রনীল ঘোষ। সেখানে প্রথমবার প্রকাশ্যে এসে টলিপাড়ার একাধিক কলাকুশলী ও টেকনিশিয়ান তাঁদের দীর্ঘদিনের অভিযোগ, ভয়ভীতি ও মানসিক নির্যাতনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা, পরিচালক, প্রযোজক থেকে শুরু করে বিভিন্ন গিল্ডের প্রতিনিধিরা। রুদ্রনীল ঘোষ জানান, নতুন সরকারের নির্দেশেই টালিগঞ্জের সমস্যাগুলি সরাসরি শুনে রিপোর্ট আকারে মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। তাঁর কথায়, “এই মানুষগুলো এতদিন নিজেদের কথা বলার সুযোগই পাননি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চান ভয়মুক্ত সংস্কৃতি জগৎ গড়ে উঠুক। কোনও স্বৈরাচার বরদাস্ত করা হবে না।” বৈঠকে একাধিক বিস্ফোরক অভিযোগ উঠে আসে ফেডারেশন ও কিছু প্রভাবশালী ব্যক্তিকে কেন্দ্র করে। রূপটান শিল্পী সিমরান পাল অভিযোগ করেন, কাজ চাওয়ার পরও তাঁকে বঞ্চিত করা হয়েছে। এমনকী অভিযোগ জানানোর পর প্রাণনাশের হুমকি ও অশালীন প্রস্তাবও পেয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, “আমি এখনও আতঙ্কে রয়েছি।” অন্যদিকে টেকনিশিয়ান সংগ্রাম কর্মকার আরও ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাঁর অভিযোগ, রাজনৈতিক মতাদর্শের কারণে তাঁকে ও তাঁর পরিবারকে একাধিকবার হামলার শিকার হতে হয়েছে। অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর হামলা, বাড়িতে ভাঙচুর, মারধর এবং ভোট পরবর্তী হিংসার ঘটনাও তুলে ধরেন তিনি। পুলিশে অভিযোগ জানিয়েও কোনও সাহায্য পাননি বলে দাবি তাঁর। টালিগঞ্জের বহু শিল্পী ও টেকনিশিয়ানের একটাই দাবি— নতুন সরকারের আমলে যেন ভয়, দমননীতি ও ব্যাভিচারমুক্ত সুস্থ পরিবেশ ফিরে আসে ইন্ডাস্ট্রিতে। পোস্ট ন্যাভিগেশন বাংলা চলচ্চিত্র জগতের গর্ব পদ্মশ্রী সম্মানে ভূষিত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়