Spread the love কিংবদন্তি ভারতীয় ফুটবলার গোষ্ঠ পাল-এর ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ কলকাতার ময়দানে তাঁর মূর্তির পাদদেশে এক আবেগঘন প্রভাতী স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে সেন্ট্রাল ক্যালকাটা গোষ্ঠ পাল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানের সূচনায় ক্লাবের সভাপতি আয়সানুল হক, সচিব সামসুল আলম, মুখ্য কোচ ও প্রাক্তন ফুটবলার জুলফিকার আলী, মন্টু মণ্ডল এবং ইছাপুর শিবাজী সংঘ ফুটবল অ্যাকাডেমির গেম সেক্রেটারি মহম্মদ জিন্না গোষ্ঠ পালের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এরপর ক্লাবের ক্ষুদে ফুটবলাররাও একে একে মাল্যদান করে তাঁদের প্রিয় কিংবদন্তিকে স্মরণ করে। এদিন সংক্ষিপ্ত ভাষণে ক্লাব সভাপতি গোষ্ঠ পালের উজ্জ্বল ফুটবল জীবন ও ভারতের স্বাধীনতা আন্দোলনে তাঁর অনন্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “গোষ্ঠ পাল শুধু একজন অসামান্য ফুটবলারই নন, দেশের স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রেও তাঁর ভূমিকা চিরস্মরণীয়। তাঁর আদর্শ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।” ক্লাব সচিব সামসুল আলম জানান, গোষ্ঠ পালের স্মৃতিকে অম্লান রাখতে সারা বছর জুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ‘গোষ্ঠ পাল চ্যাম্পিয়ন ব্লু কাবস লীগ’, যুব লিগ প্রতিযোগিতা এবং তাঁর জীবন ও সংগ্রামকে কেন্দ্র করে বিশেষ সেমিনার। ক্লাব কর্তৃপক্ষের মতে, নতুন প্রজন্মের মধ্যে গোষ্ঠ পালের আদর্শ, শৃঙ্খলা ও দেশপ্রেম ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য। তাঁরা মনে করেন, ভবিষ্যৎ ফুটবলারদের শুধু খেলায় নয়, জীবনের মূল্যবোধেও সমৃদ্ধ করে তুলতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। Post navigation শ্রীধাম মায়াপুর ইসকন মন্দিরে ২০ এপ্রিল থেকে শুরু চন্দনযাত্রা উৎসব, চলবে ২১ দিন