Spread the love কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক শিক্ষামেলার উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, দেশের প্রতিটি ছাত্রছাত্রীর জন্য আধার নম্বরের আদলে একটি ইউনিক শিক্ষা নম্বর চালু করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সমস্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে এবং ভবিষ্যতে মার্কশিট বা অন্যান্য নথি নিয়ে আলাদাভাবে ঘুরতে হবে না। তিনি বলেন, অনেক সময় কোনও ছাত্র বা ছাত্রী কলেজে ভর্তি হওয়ার পর আর্থিক বা পারিবারিক কারণে পড়াশোনা মাঝপথে বন্ধ রাখতে বাধ্য হয়। নতুন ব্যবস্থায় তারা পরবর্তীকালে আবার পড়াশোনা শুরু করতে পারবে এবং পূর্বে অর্জিত শিক্ষাগত ক্রেডিটও বজায় থাকবে। এই উদ্দেশ্যেই জাতীয় শিক্ষানীতির আওতায় অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস (ABC) চালু করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী আরও বলেন, বিকশিত ভারত গড়ে তুলতে শিক্ষাক্ষেত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ছাত্রছাত্রীরাই আগামী দিনের উন্নত ভারতের প্রধান শক্তি। তাই দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করে তুলতে কেন্দ্র সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান। Post navigation পহেলগাঁও ও বালতাল রুটে শুরু হলো পবিত্র অমরনাথ যাত্রা, চলবে ২৮ আগস্ট পর্যন্ত