Spread the love নিজস্ব সংবাদদাতা, কলকাতা: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতা জুড়ে একগুচ্ছ বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। আগামী ৩ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত “শতবর্ষে মহানায়ক” শিরোনামে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার নন্দনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির বিস্তারিত জানান তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। মন্ত্রী জানান, এই আয়োজন নিছক স্মরণোৎসবের মধ্যে সীমাবদ্ধ নয়। মহানায়ক উত্তম কুমারের শিল্পীসত্তা, তাঁর চলচ্চিত্র-উত্তরাধিকার এবং বাংলা সংস্কৃতিতে তাঁর দীর্ঘস্থায়ী প্রভাবকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ৩ সেপ্টেম্বর, উত্তম কুমারের জন্মদিনে সকালে টালিগঞ্জে মহানায়কের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই দিন সন্ধ্যায় নন্দন থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত আয়োজিত শ্রদ্ধাঞ্জলি পদযাত্রাতেও অংশ নেবেন মুখ্যমন্ত্রী। মহানায়কের কর্মজীবন ও চলচ্চিত্রজীবনের বিভিন্ন দিক তুলে ধরতে গগনেন্দ্র শিল্প প্রদর্শশালায় একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। পাশাপাশি, জন্মশতবর্ষ উদযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে নিউ টাউনে গড়ে তোলা হবে উত্তম কুমার ফিল্ম সেন্টার। ৪ সেপ্টেম্বর এই ফিল্ম সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এদিন সন্ধ্যায় রবীন্দ্রসদনে প্রদর্শিত হবে “Mahanayak: A Superstar Journey” শীর্ষক তথ্যচিত্র। মহানায়কের বর্ণময় চলচ্চিত্রজীবন ও তাঁর অসামান্য জনপ্রিয়তার নানা দিক উঠে আসবে এই তথ্যচিত্রে। সাংবাদিক বৈঠকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি সৌমিত্র মহান-সহ উপস্থিত ছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপা গঙ্গোপাধ্যায় প্রমুখ। বৈঠক শেষে নন্দন চত্বর থেকে জন্মশতবর্ষ উদযাপনের প্রচারে ব্যবহৃত কয়েকটি বিশেষ প্রচার গাড়িরও সূচনা করা হয়। মহানায়কের জন্মশতবর্ষকে ঘিরে কলকাতার সাংস্কৃতিক পরিসরে এই বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উত্তম কুমারের শিল্পকীর্তি ও বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানকে নতুন করে স্মরণ করার পাশাপাশি আগামী প্রজন্মের কাছে তাঁর উত্তরাধিকার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। Post navigation ৮৮ বছরে টালিগঞ্জ শান্তিপল্লী পুজো সমিতির দুর্গোৎসবের সূচনা, খুঁটি পুজোয় বিশেষ আকর্ষণ ইধিকা পাল