Spread the love

২২ মে ইম্পার বৈঠককে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল টলিপাড়া। বৈঠক চলাকালীন প্রথমেই ক্ষুব্ধ হয়ে মিটিং ছেড়ে বেরিয়ে আসেন নির্বাচিত সভাপতি পিয়া সেনগুপ্ত। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, তিনি থানায় অভিযোগ জানাতে যাওয়ার কথাও বলেন। পরে পুলিশের উপস্থিতিতে ফের বৈঠক শুরু হলে ধ্বনি ভোটের মাধ্যমে রতন সাহাকে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয় বলে জানা যায়।

তবে এই সিদ্ধান্ত মানতে নারাজ পিয়া সেনগুপ্ত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন,
“গণতান্ত্রিক পদ্ধতিতে আমাকে সরিয়ে দিক। ওরা পুলিশকেও মানছে না, আইনও মানছে না। নিজেদের মতো কমিটি গঠন করে বসে যাবে।”

ধ্বনি ভোটের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য,
“ধ্বনি ভোট বলে কোনও বস্তু দেখেছেন? বিষয়টা বিচারাধীন। ইসি সদস্য কোথায়? আমরা আইনের পথেই আছি, আইনি লড়াই হবে।”

এদিন বেশ কয়েকজন ইম্পা সদস্যও গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের দাবিতে সরব হন। তাঁদের বক্তব্য, ২০২৫ সালেই নির্বাচন সম্পন্ন হয়েছে এবং পরবর্তী ভোট হওয়ার কথা ২০২৭ সালের সেপ্টেম্বরে।

সাংবাদিক বৈঠকে পিয়া সেনগুপ্ত মুখ্যমন্ত্রী Shubhendu Adhikari-র দৃষ্টি আকর্ষণ করে বলেন,
“মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে বলব, এঁরা আপনাদের নাম নিয়ে যা করছে দেখুন। গায়ের জোরে দাদাগিরি করছে। পুলিশ, আইন, ইসি— কাউকেই মানছে না।”

টালিগঞ্জের বিধায়ক Papia Adhikari কিংবা অভিনেতা-রাজনীতিক Rudranil Ghosh-কে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা জানতে চাইলে পিয়া জানান, সদস্যদের উপস্থিতিতে তাঁদের সম্বর্ধনা দেওয়ার জন্যই আমন্ত্রণ পাঠানো হয়েছিল। তবে ব্যস্ততার কারণে তাঁরা উপস্থিত থাকতে পারেননি বলে তাঁর অনুমান।

প্রসঙ্গত, বৈঠক চলাকালীন পিয়া সেনগুপ্ত অভিযোগ করেন যে মিটিংয়ে বহু “নন-মেম্বার” উপস্থিত ছিলেন। তাঁর দাবি, বাইরে থেকে লোক এনে অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছে। এমনকি পুলিশের সামনেই এক ব্যক্তি তাঁর দিকে তেড়ে আসেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি প্রশ্ন তোলেন,
“এটা কি কোনও রাজনৈতিক দলের পার্টি অফিস যে বাইরে থেকে লোক এনে হাঙ্গামা করা হবে?”

এদিন প্রকাশ্যেই প্রযোজক অতনু রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন পিয়া সেনগুপ্ত। যদিও প্রযোজক তথা ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা তাঁর সঙ্গে কথা বলতে এগিয়ে এলে তিনি আলোচনায় রাজি হননি।

পরিস্থিতি ঘিরে টলিউড মহলে নতুন করে রাজনৈতিক ও সাংগঠনিক টানাপোড়েনের জল্পনা শুরু হয়েছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *