Spread the love

মনোময় ও পরমার জীবনের গল্প নিয়ে মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি ‘পাখির বাসা’। পারিবারিক অবহেলা, নিঃসঙ্গতা, একাকিত্ব এবং জীবনের শেষ প্রান্তে এসে নতুন করে ভালোবাসার খোঁজ—এই আবেগকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবিটি।

ছবির গল্পে মনোময় একজন অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী। স্ত্রীকে হারানোর পর একমাত্র ছেলে হৃদয় ও পুত্রবধূ জুঁইকে নিয়ে সংসার করলেও নিজের বাড়িতেই তিনি অবহেলা ও লাঞ্ছনার শিকার। তাঁর পাশে থাকে পালিত ছেলে গোপাল। অন্যদিকে পরমাও বিধবা, সন্তানরা নিজেদের সংসারে ব্যস্ত। তাঁর একাকিত্বের সঙ্গী কাজের মহিলা মল্লিকদি।

এই দুই নিঃসঙ্গ মানুষের জীবনে একসময় তৈরি হয় নতুন সম্পর্কের সম্ভাবনা। সমাজ ও পারিবারিক বাস্তবতার নানা টানাপোড়েন পেরিয়ে মনোময় ও পরমা কি পারবেন নতুন করে একটি ঘর বাঁধতে—সেই প্রশ্নের উত্তর খুঁজবে ‘পাখির বাসা’।

কলকাতা প্রেস ক্লাবে ছবিটি নিয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ও অভিনেত্রী পাপিয়া অধিকারী। তিনি দর্শকদের ভালো বাংলা ছবি দেখার আহ্বান জানান এবং বলেন, নিজেদের জীবন ও চারপাশের মানুষের দিকে ফিরে তাকানোর সময় এসেছে।

ছবিতে অভিনয় করেছেন পাপিয়া অধিকারী, বিশ্বজিৎ চৌধুরী, মৌবনী সরকার, কন্যাকুমারী, মৌসুমী ভট্টাচার্য, বোধিসত্ত্ব মজুমদার, সান্ত্বনা বসু, দীপাঞ্জন ভট্টাচার্য, জ্যাক, শর্মিষ্ঠা মুখার্জি, অভিরাজ, দেব মন্ডল-সহ আরও অনেকে।

গীত রচনায় রবীন্দ্রনাথ ঠাকুর ও সোমনাথ সেন। নেপথ্য কণ্ঠে সুজয় ভৌমিক ও ডা. উৎসব দাস। সংগীত ও আবহ সংগীত চন্দন রায় চৌধুরী। চিত্রনাট্য সজল ঘোষ। চিত্রগ্রহণ তীর্থ মিত্র, সম্পাদনা দীপক মন্ডল, রং বিন্যাস সুজয় কুমার মিশ্র।

সৃজা ফিল্মস-এর নিবেদনে ছবিটির প্রযোজক চন্দন দে। কাহিনী ও পরিচালনায় সোমনাথ সেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *