Spread the love

আইপিএলের এবারের আসরে বিস্ময় বালক বৈভব সূর্যবংশী যেন একের পর এক নজির গড়ে ক্রিকেট বিশ্বের নজর কেড়ে নিয়েছেন। মাত্র ১৫ বছর বয়সেই এমন সব কৃতিত্ব অর্জন করেছেন, যার জন্য অনেক ক্রিকেটারকে বছরের পর বছর অপেক্ষা করতে হয়।

পুরো টুর্নামেন্টে তিনি ২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেন। গড় ছিল ৪৮.৫০। পাশাপাশি ৭২টি ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ডও গড়েন। এলিমিনেটরে ৯৭ এবং কোয়ালিফায়ারে ৯৬ রানের ঝোড়ো ইনিংস খেললেও অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়। তবু দলের স্বার্থে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যাওয়াই ছিল তাঁর লক্ষ্য।

ব্যক্তিগত পুরস্কারের দিক থেকেও ছিল বৈভবের একচ্ছত্র আধিপত্য। সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে জিতেছেন অরেঞ্জ ক্যাপ। টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) নির্বাচিত হওয়ার পাশাপাশি সর্বোচ্চ স্ট্রাইক রেট, সর্বাধিক ছক্কা এবং সেরা উঠতি প্রতিভা (ইমার্জিং প্লেয়ার)-র পুরস্কারও তাঁর ঝুলিতে যায়। সব মিলিয়ে পুরস্কারমূল্য হিসেবে তিনি পান ৪৫ লক্ষ টাকা, একটি গাড়ি এবং চারটি ম্যাচসেরার সম্মান।

শুধু পুরস্কারই নয়, একাধিক রেকর্ডও নিজের নামে লিখিয়ে নিয়েছেন বৈভব। আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ অরেঞ্জ ক্যাপজয়ী, আনক্যাপড ক্রিকেটার হিসেবে এক মরশুমে সর্বাধিক রান, এক মরশুমে সর্বাধিক ছক্কার নজির— সবই এখন তাঁর দখলে। এছাড়া প্লে-অফে সর্বাধিক ছক্কা, যৌথভাবে দ্রুততম অর্ধশতরান (১৬ বলে) এবং এক মরশুমে তিনবার নব্বইয়ের ঘরে পৌঁছনোর বিরল কৃতিত্বও গড়েছেন তিনি।

তবে এত সাফল্যের মাঝেও একটি আক্ষেপ রয়ে গেল। ব্যক্তিগত সব সম্মান জিতলেও দলকে ট্রফি এনে দিতে পারেননি এই তরুণ তারকা। তবু মাত্র ১৫ বছর বয়সেই তিনি যে ভবিষ্যতের এক মহাতারকা হয়ে উঠছেন, তা নিয়ে আর কোনও সংশয় নেই।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *