Spread the love বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়-কে ঘিরে আচমকাই অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগে পড়েন অনুরাগীরা। সামাজিক মাধ্যমে দ্রুত এই খবর ভাইরাল হয়ে যায়, ফলে অনেকেই তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে শুরু করেন। তবে পরে জানা যায়, এই খবর সম্পূর্ণ ভুয়ো। অভিনেত্রীর সহকারী ও ঘনিষ্ঠ সূত্রের তরফে জানানো হয়েছে, তিনি সুস্থ রয়েছেন। ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁর পরিবারের সদস্যরাও। তাঁদের কথায়, “সকাল থেকে ফোন ধরতে ধরতে কার্যত নাজেহাল হতে হচ্ছে। একেবারে সুস্থ একজন মানুষকে অসুস্থ বলে খবর ছড়ানোর কোনও মানে হয় না। ওঁকে ভাল থাকতে দিন।” বাংলা চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি নাম সাবিত্রী চট্টোপাধ্যায়। বাংলা সিনেমার স্বর্ণযুগে একের পর এক উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করে তিনি দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। বয়সের ভার সত্ত্বেও এখনও অভিনয়ে সক্রিয় রয়েছেন এই প্রবীণ শিল্পী। সম্প্রতি তাঁকে স্টার জলসার ‘চিরসখা’ ধারাবাহিকেও দেখা গিয়েছিল। উল্লেখ্য, প্রায় দু’বছর আগে শারীরিক অসুস্থতার কারণে কিছুদিন কাজ থেকে বিরতি নিতে বাধ্য হয়েছিলেন তিনি। সেই সময় দীর্ঘদিন গৃহবন্দি ছিলেন এবং একটি ধারাবাহিকে কাজ করার সুযোগও হাতছাড়া হয়। তবে পরে সুস্থ হয়ে নিজেই কাজে ফেরার সুখবর দিয়েছিলেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলেই পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে। Post navigation “দ্য ফেয়ারওয়েল লেটার”: কলকাতায় মঞ্চে আসছে ‘শেষের কবিতা’র ইংরেজি নাট্যপাঠ