Spread the love

শিক্ষক নিয়োগ, চা-বাগান, পরিবহণ ও GTA নিয়েও সুকনায় অমিত শাহের বৈঠক

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:
রাজ্যে পাহাড় সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে এবার বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হল। কেন্দ্রের তরফে নিয়োগ করা মধ্যস্থতাকারী পঙ্কজ সিংয়ের নেতৃত্বে এই কমিটি কাজ করবে। পাহাড়ের রাজনৈতিক ও প্রশাসনিক সমস্যাগুলির স্থায়ী সমাধানের পথ খুঁজে কেন্দ্রীয় সরকারের কাছে রিপোর্ট জমা দেবে কমিটি।

রাজ্য সফররত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার শিলিগুড়ির সুকনায় পাহাড় সমস্যা নিয়ে এক বিশেষ বৈঠকে বসেন। বৈঠকে পাহাড়ের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি শিক্ষক নিয়োগ, চা-বাগান, পরিবহণ ব্যবস্থা এবং গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-এর বিভিন্ন সমস্যা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রীংলা উপস্থিত ছিলেন। এছাড়াও GTA-র প্রধান সচিব শ্রুতি রঞ্জন মোহান্তি এবং পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বৈঠকে যোগ দেন। গোর্খা জনমুক্তি মোর্চা এবং GNLF-এর প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।

দীর্ঘদিন ধরে পাহাড়ের রাজনৈতিক দাবি, প্রশাসনিক কাঠামো, কর্মসংস্থান এবং বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সমস্যা নিয়ে টানাপোড়েন রয়েছে। সেই সমস্ত বিষয়কে এক ছাতার তলায় এনে স্থায়ী সমাধানের সূত্র খোঁজাই এই কমিটির অন্যতম প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

কমিটির রিপোর্টের ভিত্তিতে কেন্দ্র পরবর্তী পদক্ষেপ করবে। ফলে পাহাড়ের দীর্ঘদিনের সমস্যা সমাধানে এই উদ্যোগ কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে পাহাড়বাসী।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।