Spread the love

শুক্লা গাঙ্গুলী : বর্তমান ব্যস্ত জীবনে মানুষের হাতে সময় খুবই কম। কর্মব্যস্ততার কারণে অনেকেই এখন ফাস্টফুডের দিকে ঝুঁকছেন। তবে অল্প সময়ে বাড়িতেই যদি তৈরি করা যায় সুস্বাদু ও মুখরোচক জলখাবার, তাহলে কেমন হয়? চলুন, আজ জেনে নেওয়া যাক দুধ দিয়ে তৈরি এমনই এক অভিনব জলখাবারের প্রণালী।

প্রয়োজনীয় উপকরণ: পরিমাণমতো দুধ, ময়দা, ময়দার অর্ধেক পরিমাণ সুজি, সামান্য নুন ও বাটার।

প্রস্তুত প্রণালী: প্রথমে একটি পাত্রে বাটার গলিয়ে নিন। এরপর সেই পাত্রে দুধ ঢেলে দিন। হাতার সাহায্যে আপনার প্রয়োজন অনুযায়ী এক কাপ ময়দার সঙ্গে আধ কাপ সুজি এবং সামান্য নুন মিশিয়ে নিন। ভালোভাবে মিশিয়ে দইয়ের মতো থকথকে লেই তৈরি করুন। এবার পাত্রটি ঢেকে এক ঘণ্টা রেখে দিন।

এরপর গ্যাসে তাওয়া বসিয়ে খুব গরম হওয়া পর্যন্ত ফুল ভলিউমে রাখুন। মিনিট দুয়েক পর গ্যাসের আঁচ কমিয়ে দিন। এবার ওই তাওয়ায় তৈরি করা লেই থেকে আস্তে আস্তে প্যানকেক তৈরি করে নিন। তৈরি হয়ে গেল সুস্বাদু প্যানকেক। মনে রাখবেন, প্যানকেক তৈরির সময় যদি মনে হয় লেই বেশি ঘন হয়ে গিয়েছে, তাহলে আরও একটু দুধ মিশিয়ে নেবেন। ভুলেও জল দেবেন না।

এবার তৈরি হবে সিমুই: একটি হাঁড়ি বা পছন্দমতো পাত্রে প্রয়োজন অনুযায়ী দুধ নিয়ে গরম করুন। তাতে তেজপাতা ও কিশমিশ দিয়ে দিন। অন্য একটি পাত্রে বাটার দিয়ে পরিমাণমতো সিমুই ভেজে নিন। সিমুই মোটামুটি ভাজা হয়ে গেলে তা গরম দুধের মধ্যে ঢেলে সামান্য সিদ্ধ হতে দিন। যখন দেখবেন দুধ ঘন হয়ে এসেছে, তখন ছোট এলাচ এবং প্রয়োজনমতো চিনি অথবা আখের গুড় মিশিয়ে দিন। এরপর গ্যাস বন্ধ করে দিন।

ব্যস, তৈরি হয়ে গেল আপনার চটজলদি জলখাবার। ঠান্ডা কিংবা গরম—দু’ভাবেই এই খাবার পরিবেশন করা যায়। বয়স্ক থেকে শিশু, সকলেরই মন জয় করবে এই সুস্বাদু পদ। এমনকী বাড়িতে অতিথি এলে এই জলখাবার খেয়ে তাঁরাও আপনার কাছে জেনে নিতে চাইবেন তৈরির সহজ প্রণালী।

সুস্থ খাবার, সুস্থ স্বাস্থ্য বজায় রাখে।

By admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।