Spread the love রাজ্যে হোমস্টে চিহ্নিতকরণে পর্যটন দপ্তরের উদ্যোগ, নথিভুক্ত মালিকদের দেওয়া হবে সরকারি শংসাপত্র কলকাতা: রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রে হোমস্টে পরিষেবাকে আরও নিয়মের আওতায় আনতে নতুন উদ্যোগ নিল পশ্চিমবঙ্গের পর্যটন দপ্তর। এবার থেকে শুধুমাত্র সরকারিভাবে নথিভুক্ত হোমস্টেগুলিই নিজেদের ‘হোমস্টে’ হিসেবে পরিচয় দিতে পারবে। এই উদ্দেশ্যে কলকাতায় পর্যটন দপ্তরের উদ্যোগে চালু হল নতুন হোমস্টে পোর্টাল। পোর্টালের উদ্বোধন করে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ জানান, এই পোর্টালের মাধ্যমে হোমস্টের মালিকেরা নিজেদের প্রতিষ্ঠানের নাম নথিভুক্ত করতে পারবেন। সরকারি নিয়ম মেনে নথিভুক্তির পর তাঁদের হাতে তুলে দেওয়া হবে একটি সার্টিফিকেট। সেই সরকারি শংসাপত্র থাকলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেদের হোমস্টে বলে পরিচয় দিতে পারবে। পর্যটন দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যে মোট ৫ হাজার ৪৭৯টি হোমস্টে রয়েছে। এর মধ্যে ২ হাজার ৬৭৯টি হোমস্টে সরকারিভাবে নথিভুক্ত। তবে এই পরিসংখ্যানের বাইরেও উত্তরবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন পর্যটনকেন্দ্রে বহু হোমস্টে পরিষেবা চালু রয়েছে। সরকারি ও বেসরকারি হোমস্টেগুলিকে পৃথকভাবে চিহ্নিত করা এবং পরিষেবার ক্ষেত্রে স্বচ্ছতা আনতেই এই পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, এবারের বিশ্ব পর্যটন দিবসের মূল ভাবনা ছিল ডিজিটাল অ্যাজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে পর্যটন দপ্তরের কাজকর্মকে আরও আধুনিক করে তোলা। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রযুক্তিনির্ভর তথ্যভান্ডার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। হোমস্টে পোর্টাল সেই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নতুন এই ব্যবস্থার মাধ্যমে রাজ্যের হোমস্টে পরিষেবার একটি সুসংগঠিত সরকারি তথ্যভান্ডার তৈরি হবে বলে মনে করছে পর্যটন দপ্তর। পাশাপাশি পর্যটকদের কাছে স্বীকৃত হোমস্টে চিহ্নিত করা এবং পরিষেবার বিশ্বাসযোগ্যতা বাড়ানোর ক্ষেত্রেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পোস্ট ন্যাভিগেশন দুর্যোগ থেকে মহামারি—মানুষের মুখে অন্ন তুলে দেন রেশন ডিলাররা, তাঁদের দাবিও শুনুক সরকার