
নিজস্ব সংবাদদাতা, কলকাতা | ১৩ মার্চ ২০২৬ :
আসন্ন নির্বাচনের প্রাক্কালে ভোটের আগে ও পরে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শুক্রবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করল হিন্দু শক্তি সেনা। কলকাতার বঙ্গবাসী কলেজ সংলগ্ন একটি সভাকক্ষে এই সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম ঘোষ, সভাপতি সুকুমার মন্ডল, সদস্য পুলকেশ দাস, অ্যাডভোকেট নিপেন রায় এবং প্রেসিডেন্ট নিখিল বৈদ্য।
বক্তারা বলেন, নির্বাচন ঘিরে অনেক সময় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়। সেই কারণে ভোটের আগে, ভোটগ্রহণের সময় এবং ভোটের পরবর্তী সময়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি।
তাদের মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার মানুষের একটি মৌলিক অধিকার। এই অধিকার প্রয়োগের ক্ষেত্রে কোনও ধরনের ভয়ভীতি, চাপ বা বাধা থাকা উচিত নয়। প্রত্যেক নাগরিক যেন সম্পূর্ণ নির্ভয়ে এবং স্বাধীনভাবে ভোট দিতে পারেন, সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন বলেও তারা দাবি জানান।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। সেই লক্ষ্যেই এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজেদের বক্তব্য তুলে ধরেছে হিন্দু শক্তি সেনা।
উপস্থিত বক্তাদের মতে, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে ভোট প্রক্রিয়াকে সম্পূর্ণ শান্তিপূর্ণ, স্বচ্ছ এবং নির্ভয়ে সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।