কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে AOI এর জাতীয় সভাপতি ডা. দ্বৈপায়ণ মুখার্জি

Spread the love

নিজস্ব প্রতিনিধি : শুক্লা গাঙ্গুলী কলকাতা

বিশ্বে পরিবেশ দূষণে ভারতের স্থান পঞ্চমে। এই সমস্যা ক্রমশ বেড়ে চলেছে। দূষণের ফলে সবথেকে বেশি মানুষ ভোগেন অ্যালার্জি, বিশেষত অ্যালার্জিক রাইনাইটিসে (AR)এ, নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, জ্বালা চুলকানি কাশি সর্দি প্রভৃতি এই অসুখের সাধারণ উপসর্গ। দূষণের ফলে সাধারণ সর্দি জটিল হয়ে ওঠে, মানুষ অ্যালার্জেনের প্রতি অতি সংবেদনশীল হয়ে ওঠেন। সমীক্ষায় দেখা গেছে,এদেশের জনসংখ্যার কুড়ি – তিরিশ শতাংশ মানুষ অ্যালার্জিক রাইনাইটিসের শিকার, আর দেশের ১৯ টি রাজ্যের ৫৩ শতাংশ মানুষের সর্দি ও শ্বাসনালী সংক্রান্ত সমস্যার মূলে দূষণ।
অ্যালার্জিক রাইনাইটিসকে প্রধান গুরুত্ব দিয়ে দীর্ঘ 9 বছর পর নাক-কান-গলা(ইএনটি) বিশেষজ্ঞদের 77 তম জাতীয় সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। ইএনটি বিশেষজ্ঞদের জাতীয় সংগঠন অ্যাসোসিয়েশন অফ অটোল্যারিঙ্গলজিস্ট অফ ইন্ডিয়ার (AOI) এই বাৎসরিক সম্মেলন (AOICON-2026) আগামী ৮-১১ জানুয়ারি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
বিভিন্ন রাজ্য এবং বিদেশ থেকে প্রায় ৩৫০০-৪০০০ নাক কান গলা বিশেষজ্ঞ এই সম্মেলন উপলক্ষে কলকাতায় আসছেন। এই বিশাল অনুষ্ঠানের প্রাক্কালে কলকাতার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে AOI এর জাতীয় সভাপতি ডা. দ্বৈপায়ণ মুখার্জি জানালেন যে ইএনটি বিশেষজ্ঞদের অভিজ্ঞতা বিনিময় ও আলোচনার এই বিশ্বমঞ্চে নাক-কান-গলার বিভিন্ন সমস্যার অত্যাধুনিক চিকিৎসা ও সার্জারির উপরে আলোচনা হলেও পরিবেশ দূষণ থেকে অ্যালার্জিক রাইনাইটিস, ভার্টাইগো, ইএনটি চিকিৎসার ইন্ডিয়ান গাইডলাইন প্রভৃতি কয়েকটি প্রয়োজনীয় বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে।
এটিও প্রমাণিত সত্য যে শহরাঞ্চলে শব্দ দূষণের ফলে শ্রবণ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে শ্রবণ সংক্রান্ত সমস্যাও। আবার এখন এটিও প্রমাণিত যে দীর্ঘ দিন ধরে অ্যালার্জিক রাইনাইটিসে ভুগলে রোগী ক্রমে হাঁপানির শিকার হয়ে পড়তে পারেন। আসলে আমাদের দেশে দূষণের সঙ্গে সঙ্গে নাক কান গলার সমস্যাও পাল্লা দিয়ে বাড়ছে।
সম্মেলনের কার্যনির্বাহী সম্পাদক ডা. স্নেহাশিষ বর্মণ জানালেন অ্যালার্জিক রাইনাইটিসকে বিশেষ গুরুত্ব দিয়ে AOIএর প্রথম দিন অ্যালার্জিক রাইনাইটিসের সারাদিন ব্যাপী ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এই ওয়ার্কশপগুলিতে অসুখটির অত্যাধুনিক চিকিৎসা সংক্রান্ত আলোচনা ছাড়াও বিশ্বের কয়েক জন প্রবাদপ্রতীম অ্যালার্জি বিশষজ্ঞের তত্ত্বাবধানে তরুণ চিকিৎসকদের হাতে কলমে অ্যালার্জি টেস্ট বা স্কিন প্রিক টেস্টের প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।
আমাদের দেশে সাধারণত ইউরোপিয়ান বা আমেরিকান গাইডলাইন মেনেই চিকিৎসা করা হয়। কিন্তু ওদেশের পরিবেশ, অ্যালার্জেন, মানুষের জিন প্রভৃতি সবই আলাদা। তাই চিকিৎসায় ভাল ফল পেতে গেলে আমাদের দেশের প্রেক্ষিতে চিকিৎসায় একটি ইন্ডিয়ান গাইডলাইন তৈরি করা জরুরি। নাক কান গলার ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের গবেষকরা এই গাইডলাইন তৈরি করছেন। ডা. দ্বৈপায়ণ মুখার্জি জানালেন এবিষয়ে অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসার একটি রেডি রেকনার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ করা হবে।
AOIএর পশ্চিম বঙ্গ শাখার সভাপতি ও সম্মেলনের কার্য্যনির্বাহী সভাপতি ডা. উৎপল জানা জানালেন একই সঙ্গে ইএনটি চিকিৎসার মেডিকো লিগ্যাল দৃষ্টিকোণ নিয়ে আরো একটি পুস্তিকা প্রকাশ করা হবে। আজকের দিনে প্রতিটি চিকিৎসককে চিকিৎসার আইনগত দিকগুলি জেনে রাখা অত্যন্ত জরুরী।
এদেশের জনসংখ্যার কুড়ি থেকে তিরিশ শতাংশ মানুষ ভার্টাইগোতে ভোগেন ও একশ আশি মিলিয়ন মানুষের মাথা ঘোরা, মাথা ঝিমঝিম প্রভৃতির সমস্যা আছে। এজন্য বিশ্বের অন্যতম সেরা চিকিৎসকদের উপস্থিতিতে ভার্টাইগো নিয়েও একটি সারাদিনব্যাপী আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে।
কসমেটিক ফেসিয়াল সার্জারি এখন ইএনটি চিকিৎসার একটি দিক। রাইনোপ্ল্যাস্টি (নাকের সৌন্দর্যায়ন ও পুর্নগঠন), ইয়ারলোব সার্জারি (কানের পুর্নগঠন) প্রভৃতি বিষয়ক একটি আলোচনাচক্রে পৃথিবীর এবিষয়ে পথিকৃত চিকিৎসক বৃটেনের ডা. উল্লাস রাঘবন উপস্থিত থাকবেন।
এসব ছাড়াও নাক কান গলার চিকিৎসা ও সার্জারির বিভিন্ন বিষয়ের চার দিনব্যাপী আলোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, জাপান, ব্রাজিল, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
AOICON-2026এর উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৯ই জানুয়ারি বিকাল পাঁচটায় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন ও প্রাক্তন এয়ার চিফ মার্শাল অরূপ রাহা প্রধান অতিথি হিসাবে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সংস্থার পক্ষ থেকে ডা. উৎপল জানা সকলকে এই অনুষ্ঠানে আসার আমন্ত্রন জানান। এছাড়াও সাংবাদিক সম্মেলনে বিশিষ্ট চিকিৎসক ডা. অজয় খাওয়াস ও ডা. সৌমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখেন।
বাংলার পক্ষে গৌরবের বিষয় যে অ্যাসোসিয়েশন অফ অটোল্যারিঙ্গলজিস্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ শাখার ব্যবস্থাপনায় কলকাতায় এই জাতীয় সম্মেলনটি অনুষ্ঠিত হতে চলেছে। উদ্যক্তাদের পক্ষ থেকে এইদিন জনগণ, মিডিয়া ও প্রশাসনের সহযোগীতায় অনুষ্ঠানের সাফল্য কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *