
নিজস্ব প্রতিনিধি: কলকাতা | সিনেমা ও সাহিত্য
করোনা অতিমারির পর টলিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরেই কাজের ভাটা চলছিল। তবে সেই স্থবিরতা কাটিয়ে ধীরে ধীরে আবারও কাজের জোয়ার ফিরছে। ফেডারেশনের সম্মানীয় সভাপতি স্বরূপ বিশ্বাস-এর নেতৃত্বে শুরু হয়েছে এই নতুন উদ্যোগ, যার মূল লক্ষ্য করোনা-পূর্ব সময়ের মতো ধারাবাহিক কাজের পরিবেশ ফিরিয়ে আনা।
ফেডারেশন তাদের অন্তর্গত সমস্ত কলা-কুশলী এবং বিভিন্ন গিল্ডের সভাপতি ও সম্পাদকদের সঙ্গে নিয়ে ইন্ডাস্ট্রিকে পুনরুজ্জীবিত করার লড়াই শুরু করেছে। এই প্রয়াসে গুরুত্বপূর্ণ সমর্থন ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ক্লিক ওটিটি চ্যানেল এবং সবসময় ওটিটি চ্যানেল। ক্লিক-এর কর্ণধার বিকাশ তাঁতিয়া এবং সবসময়-এর কর্ণধার প্রদীপ চুরিয়াল ফেডারেশনের এই উদ্যোগে সক্রিয়ভাবে পাশে দাঁড়িয়েছেন।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ৩৬৫ দিনের মধ্যে—অর্থাৎ এক বছরে—এই দুই ওটিটি প্ল্যাটফর্ম মিলিয়ে ন্যূনতম ২৫টি করে ওটিটি সিরিজ নির্মিত হবে। প্রতিটি সিরিজে থাকবে অন্তত পাঁচ থেকে ছয়টি এপিসোড। সব মিলিয়ে আগামী এক বছরে প্রায় ২৫০ থেকে ২৭০টি এপিসোড নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
যদি কোনো এপিসোডের বাজেট পাঁচ লক্ষ টাকার নিচে হয়, তবে সেখানে ১৮ থেকে ২১ জন কলা-কুশলী কাজ করবেন। গড়ে ২০ জন ধরে হিসাব করলে প্রায় পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার কলা-কুশলী আগামী এক বছরে এই কাজের সঙ্গে যুক্ত থাকবেন। ডবল শিফটে কাজ হলে এই সংখ্যা প্রায় ১০ হাজারের কাছাকাছি পৌঁছাতে পারে। অন্যদিকে, যদি এপিসোডপ্রতি বাজেট পাঁচ লক্ষ টাকার বেশি হয়, তবে সেখানে ন্যূনতম ৪০ থেকে ৪২ জন কলা-কুশলী কাজ করবেন, ফলে কর্মসংস্থানের পরিমাণ আরও বাড়বে।
ফেডারেশনের মূল লক্ষ্য—প্রত্যেক কলা-কুশলী যেন সারা বছর নিয়মিত কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং প্রযোজকরাও যাতে তাঁদের কাজ সুচারুরূপে সম্পন্ন করতে পারেন। এই উদ্যোগ টলিউড ইন্ডাস্ট্রিতে নতুন আশার আলো দেখাচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।