
কলকাতা, ৭ ফেব্রুয়ারি:
দূষণ ও ধূমপানের প্রভাবে দেশে দ্রুত বাড়ছে তীব্র ও দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ। ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষ্মা ও সিওপিডি আজ বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে রোগ প্রতিরোধ, আধুনিক চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে Association of Chest Physicians (West Bengal)-এর ২৯তম বার্ষিক সম্মেলন ACPCON ২০২৬।
শনিবার কলকাতার স্বভূমির রঙ্গো দরবারে এক সাংবাদিক বৈঠকে সম্মেলনের বিস্তারিত জানান বিশিষ্ট বক্ষরোগ বিশেষজ্ঞরা। উপস্থিত ছিলেন ACP (WB)-এর সেক্রেটারি ডা. এ.জি. ঘোষাল, ACPCON ২০২৬-এর অর্গানাইজিং সেক্রেটারি ডা. ইন্দ্রনীল হালদার সহ অন্যান্য চেস্ট ফিজিশিয়ানরা।
ডা. এ.জি. ঘোষাল বলেন, বায়ুদূষণ ও ধূমপানজনিত ফুসফুসের রোগ এখন সামাজিক সমস্যায় পরিণত হয়েছে, যা মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি গণসচেতনতা জরুরি। ডা. ইন্দ্রনীল হালদার জানান, এই সম্মেলনে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা আধুনিক চিকিৎসা, নতুন গবেষণা ও প্রতিরোধমূলক পদ্ধতি নিয়ে আলোচনা করবেন।
আয়োজকদের মতে, ACPCON ২০২৬ চিকিৎসকদের জ্ঞান বিনিময়ের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও শ্বাসযন্ত্রের রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।