
কলকাতা, নিজস্ব প্রতিনিধি: লাবনী দাস
গত ২১ জানুয়ারি ২০২৬, কলকাতার সুজাতা স্মরণে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় “OSF পরিবার সম্মান ২০২৬”। সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী, কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
তবে বিশেষ কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী পুলকিতা ঘোষ। শুটিংয়ের ব্যস্ততার জন্য তিনি সেদিন মঞ্চে আসতে না পারলেও, তাঁকে সম্মান জানাতে পিছপা হয়নি সংস্থা।
পরবর্তীতে শুটিং স্পটেই গিয়ে অভিনেত্রীর হাতে সম্মাননা তুলে দেন সংস্থার সিইও শ্রী দাস এবং পরিচালক প্রলয় সেনগুপ্ত। আন্তরিক ও অনাড়ম্বর পরিবেশে এই সম্মান প্রদান অনুষ্ঠানের সাক্ষী থাকেন শুটিং ইউনিটের সদস্যরাও।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, শিল্পীদের অবদান ও পরিশ্রমকে মর্যাদা দিতেই এই উদ্যোগ। পুলকিতা ঘোষ তাঁর অভিনয় দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে বাংলা বিনোদন জগতে যে ছাপ রেখেছেন, তার স্বীকৃতি স্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে।

শুটিং ফ্লোরে সম্মান গ্রহণ করে অভিনেত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং OSF পরিবারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান, “এই সম্মান আমার কাজের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিল।”
OSF পরিবার সম্মান ২০২৬ কেবল একটি পুরস্কার নয়, এটি শিল্প ও সংস্কৃতির প্রতি নিবেদিত মানুষদের সম্মান জানানোর এক আন্তরিক প্রচেষ্টা—এমনটাই মনে করছেন উপস্থিত সকলে।