Spread the love

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ১ সেপ্টেম্বর: ঈশ্বর ও ভক্তের চিরন্তন মিলবন্ধনের এক আবেগঘন কাহিনি নিয়ে সুজাতা সদন প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে শুভমুক্তি হল মিউজিক ফিল্ম ভিডিও ‘পেখম পালক’। ভক্তি, বিশ্বাস ও জীবনের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই মিউজিক ফিল্ম ইতিমধ্যেই দর্শক-শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।

‘পেখম পালক’-এ কণ্ঠ, সুর এবং মুখ্য অভিনেত্রীর ভূমিকায় রয়েছেন জনপ্রিয় শিল্পী দীপ্তশ্রী গাঙ্গুলী (শ্রী)। গানের কথা লিখেছেন গীতিকার বেথুন বেরা এবং সঙ্গীত আয়োজন করেছেন অরিজিৎ দাস। ছবিটির অন্যতম আকর্ষণ নির্দেশক ও অভিনেতা ঋতম মুখোপাধ্যায়। তিনি একইসঙ্গে কৃষ্ণ, রাখালরাজা ও মহাপ্রভু—এই তিনটি ভিন্ন রূপে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন DOP অরণ্য হাজারী।

এই মিউজিক ফিল্মের প্রযোজক কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা কবি-সাহিত্যিক দীপক কুমার পাঠক। প্রযোজনা সংস্থা D R Entertainment।

শুভমুক্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের রাজা মুন্সী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তালবাদ্যকার প্রয়াত পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের পুত্র মল্লার ঘোষ ও তাঁর স্ত্রী, আবৃত্তিকার ও অভিনেত্রী মল্লিকা ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক ও অভিনেতা অরুণাংশু দাস-সহ টলিউডের বহু বিশিষ্ট শিল্পী, সমাজসেবী এবং সঙ্গীত জগতের ব্যক্তিত্বরা।

সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন আকাশবাণী ও দূরদর্শনের সুপরিচিত সংবাদ পাঠিকা সুদীপ্তা মুখোপাধ্যায়।

‘পেখম পালক’-এর মূল ভাবনায় রয়েছে এক ছোট্ট মেয়ের স্বপ্নে কৃষ্ণ-রাধার আগমন। সময়ের সঙ্গে সেই মেয়ের বড় হয়ে ওঠা, সংসার জীবনের নানা টানাপোড়েন এবং জীবনের প্রতিকূলতার মধ্যেও গোপালের প্রতি তাঁর অটুট বিশ্বাস—এই গল্পই মিউজিক ফিল্মের মাধ্যমে তুলে ধরা হয়েছে। গানের “জয় গোপাল, জয় গোবিন্দ” ধ্বনি ইতিমধ্যেই শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে।

‘পেখম পালক’ বর্তমানে Creative Bird Diptasree Ganguly-র অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং D R Entertainment-এর ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *