Spread the love কলকাতা: প্রয়াত হলেন বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক রাজা সেন। রবিবার এসএসকেএম হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন পরিচালক। শনিবারও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছিল। সেই সময় তাঁর স্ত্রী, অভিনেত্রী পাপিয়া সেন জানিয়েছিলেন, গত কয়েকদিন ধরে নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন রাজা সেন। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তাঁর ফুসফুসের পরিস্থিতি অত্যন্ত সংকটজনক এবং তিনি লাং ফেলিয়রের সঙ্গে লড়াই করছিলেন। গত কয়েকদিন ভেন্টিলেশনেও ছিলেন তিনি। রবিবার সকালেই না ফেরার দেশে চলে যান রাজা সেন। তাঁর দুই মেয়েই বাবাকে হাসপাতালে ভর্তি করাতে এসেছিলেন। বর্তমানে ছোট মেয়ে বাবার শেষকৃত্য-সহ যাবতীয় দায়িত্ব পালন করছেন বলে জানান পাপিয়া সেন। চলতি বছরেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পরিচালককে। তখন তাঁর অস্ত্রোপচারও হয়। রাজা সেনের শারীরিক সমস্যার সূত্রপাত অবশ্য প্রায় এক দশক আগে। ‘মায়া মৃদঙ্গ’ ছবির শুটিং চলাকালীন আচমকাই সেট থেকে পড়ে গিয়েছিলেন তিনি। সেই দুর্ঘটনায় কোমরে গুরুতর চোট পেলেও প্রথমদিকে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেননি। পরবর্তীকালে সেই চোটই তাঁর শারীরিক জটিলতা আরও বাড়িয়ে দেয়। গত ছয়-সাত বছর ধরে হাঁটাচলার সমস্যায় ভুগছিলেন তিনি। চলতি বছরের গোড়ায় হঠাৎ শরীরের নীচের অংশ অবশ হয়ে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শ নেন। পরীক্ষায় ধরা পড়ে গুরুতর স্নায়ুর সমস্যা। এরপর ফেব্রুয়ারি মাসে কোমর এবং শিরদাঁড়ার মধ্যভাগে অস্ত্রোপচার করা হয় তাঁর। তবে শারীরিক পরিস্থিতির আর উন্নতি হয়নি। নিউমোনিয়া ও লাং ফেলিয়রের জেরে শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানলেন বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান পরিচালক রাজা সেন। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। Post navigation নাট্যমঞ্চের উত্তরাধিকারকে এক মলাটে—প্রকাশিত ‘নাট্য ব্যক্তিত্বের সেরা নাটক’