Spread the love

সোশ্যাল মিডিয়া মারফত ঘুরছে এক বিজ্ঞপ্তি। রবিবার, ১২ জুলাই ‘ফেডারেশন বাঁচাও’র ডাক দিয়ে হাজরা মোড় থেকে রবীন্দ্রসদন পর্যন্ত পদযাত্রার ঘোষণা করেছেন বিভিন্ন গিল্ডের টেকনিশিয়ানরা। তার ঠিক আগেই রাজ্য সরকারের তরফে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ আজ ফেডারেশনের প্রতিনিধিদের আলোচনায় ডেকেছে। এই বৈঠককে ঘিরে টলিপাড়ায় বাড়ছে জল্পনা।

প্রায় ৫৮ বছরের ঐতিহ্য বহনকারী FCTWEI বর্তমানে ২৬টি গিল্ডের অভিভাবক সংস্থা। এটি অল ইন্ডিয়া ফিল্ম এমপ্লয়িজ কনফেডারেশন (AIFEC)-এর অনুমোদিত সংগঠন। দীর্ঘদিন ধরে সিনেমা ও টেলিভিশন শিল্পের হাজার হাজার কলাকুশলীর কর্মসংস্থান, শ্রমিক অধিকার, নিরাপত্তা এবং কল্যাণমূলক বিষয়গুলির দেখভাল করে আসছে এই সংগঠন। সাম্প্রতিক সময়ে ফেডারেশনের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তার জেরেই টেকনিশিয়ানদের একাংশ এবার প্রকাশ্যে আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন।
সংগঠনের তরফে জারি হওয়া আহ্বানে বলা হয়েছে, ‘ফেডারেশন শুধু একটি সংগঠন নয়, হাজার হাজার সিনে কলাকুশলীর অধিকার, মর্যাদা ও জীবিকার প্রতীক। তাই এই প্রতিষ্ঠানকে রক্ষা করা প্রত্যেক কলাকুশলীর নৈতিক দায়িত্ব।” সেই কারণেই রবিবার বিকেল ৩টায় সাদা পোশাক পরে সকল গিল্ড, ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের সদস্যদের পদযাত্রায় সামিল হওয়ার আবেদন জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে হস্তক্ষেপের আবেদনও জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, হাজার হাজার কলাকুশলীর ভবিষ্যৎ এবং ঐতিহ্যবাহী ফেডারেশনকে রক্ষা করতে সরকারের ইতিবাচক ভূমিকা অত্যন্ত জরুরি।

এমন পরিস্থিতিতেই আজকের বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, আলোচনায় মূল বিষয় হতে পারে Eastern India Motion Pictures & Cultural Confederation (EIMPCC)-কে ঘিরে তৈরি হওয়া বিভ্রান্তি। টেকনিশিয়ানদের একাংশের দাবি, কনফেডারেশনের সদস্যপদ ফর্ম বিলি আপাতত বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু আশঙ্কা পুরোপুরি কাটেনি। ভবিষ্যতে নতুন সংগঠনটি ফেডারেশনের ওপর প্রভাব বিস্তার করতে পারে কি না, সেই বিষয়টি নিয়েই সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হতে পারে।

গত ৫ জুন, ফেডারেশনের পক্ষ থেকে তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগে লিখিতভাবে নিজেদের উদ্বেগের কথা জানানো হয়েছিল। সেই চিঠির প্রেক্ষিতেই সরকার আলোচনার উদ্যোগ নিয়েছে বলে সূত্রের দাবি।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে টলিউডে ফেডারেশন বনাম নতুন কনফেডারেশনকে ঘিরে টানাপড়েন চলছিল। নতুন সংগঠন গঠন, গিল্ডগুলির ভবিষ্যৎ এবং টেকনিশিয়ানদের কর্মসংস্থান নিয়ে শিল্পমহলে ব্যাপক বিতর্ক তৈরি হয়। পরে শমীক ভট্টাচার্য স্পষ্ট করেন, নতুন কনফেডারেশন নিয়ে বিভ্রান্তি রয়েছে এবং বিষয়টি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। অন্যদিকে সরকারও জানায়, শ্রম আইন মেনে গিল্ডগুলির ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং অযথা বিভ্রান্তি এড়ানো উচিত।

এখন নজর আজকের বৈঠকের দিকে। সরকারের সঙ্গে আলোচনার পর ফেডারেশনের ভবিষ্যৎ নিয়ে কোনও আশ্বাস মেলে কি না, আর রবিবারের ঘোষিত পদযাত্রা আগের পরিকল্পনামাফিক হয় কি না, সেদিকেই তাকিয়ে টলিপাড়ার হাজার হাজার কলাকুশলী।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *