Spread the love

নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত কাজ নয়, তবে ‘বয়কট’ শব্দে অনড় টলিউড নয়— চ্যানেলের সঙ্গে আলোচনায় আর্টিস্ট ফোরাম

আর্টিস্ট ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্পষ্ট করে জানিয়ে দিলেন, টলিউড ইন্ডাস্ট্রি কোনও দিনই ‘ব্যান’ বা ‘বয়কট’-এর পথে হাঁটেনি, ভবিষ্যতেও হাঁটবে না। তবে বিতর্কে জড়িত ওই দুই ব্যক্তিকে ঘিরে আপাতত কড়া অবস্থানেই থাকছে শিল্পী মহল।

তিনি বলেন, “যত দিন না ওঁরা নির্দোষ প্রমাণিত হচ্ছেন, তত দিন কেউই ওঁদের সঙ্গে কাজ করতে রাজি নন। একই সঙ্গে, ওঁদের সঙ্গে যুক্ত কোনও নতুন কাজও শুরু হবে না— যদি না প্রযোজনার হাতবদল হয়।”

‘ম্যাজিক মোমেন্টস’-কে ঘিরে ভোটাভুটির মাধ্যমে পক্ষে-বিপক্ষে মতামত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সেই প্রেক্ষিতেই উঠে এসেছে এই সিদ্ধান্ত। প্রসেনজিতের কথায়, অতীতেও বহু ক্ষেত্রে প্রযোজনা সংস্থা বদলে কাজ এগিয়েছে, তাই এ ক্ষেত্রেও সেই সম্ভাবনা খোলা রাখা হচ্ছে।

তিনি আরও জানান, চ্যানেল কর্তৃপক্ষ যদি বিষয়টি মেনে নেয়, তা হলে ‘চিরসখা’ এবং ‘কনে দেখা আলো’-র মতো ধারাবাহিকগুলির সম্প্রচার বন্ধ না-ও হতে পারে। ইতিমধ্যেই এই দুই ধারাবাহিকের সঙ্গে যুক্ত অভিনেতারা কাজ হারানোর আশঙ্কা নিয়ে আর্টিস্ট ফোরামের সঙ্গে কথা বলেছেন। সেই দিকটিও বিবেচনায় রেখেই নতুন ভাবনা সংগঠনের।

চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে শীঘ্রই এই বিষয়ে আলোচনা করবে আর্টিস্ট ফোরাম। তবে শেষ কথায় প্রসেনজিৎ স্পষ্ট করেন, “সংগঠন কাউকে কাজ দিতে পারে না, কিন্তু কোনও সমস্যা তৈরি হলে তার সমাধানের রাস্তা খুঁজে দিতে পারে।”

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *