নারী ক্ষমতায়নে কৃত্রিম বুদ্ধিমত্তা, আন্তর্জাতিক নারী দিবসে ‘AI For Her’ প্রকল্পের সূচনা

Spread the love

কলকাতা:
শুধু নারী জীবনের পরিবর্তন নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সমাজের সামগ্রিক পরিবর্তনেরও অনুঘটক হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এমনটাই জানালেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কো-চেয়ারপারসন ও টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির কো-চ্যান্সেলর মানসী রায়চৌধুরী। এই অনুষ্ঠানের মধ্য দিয়েই তিনি আনুষ্ঠানিকভাবে ‘AI For Her’ প্রকল্পের সূচনা করেন।

ওয়াভো এআই টেরিকম ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতার একটি ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নারীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ‘Reskilling for the AI Age: What Women Need to Know’ শীর্ষক আলোচনাচক্রে অংশ নেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। উপস্থিত ছিলেন সায়রা শাহ হালিম, নয়নতারা পালচৌধুরী, ডক্টর মুন চট্টরাজ, রিমঝিম রায় এবং ঋতুস্মিতা বিশ্বাস।

আলোচনায় বক্তারা বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে নারীদের নতুন দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নারীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক দেবাশীষ সেনও। তিনি বলেন, প্রযুক্তির সঠিক ব্যবহার সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং নারীদের ক্ষমতায়নে তা বিশেষভাবে সহায়ক হতে পারে।

অনুষ্ঠানের শেষে একটি বিশেষ মাস্টার ক্লাসের আয়োজন করা হয়। সেখানে অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয় কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে দৈনন্দিন কাজের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং কীভাবে এই প্রযুক্তি জীবন ও কর্মক্ষেত্রকে আরও সহজ ও কার্যকর করে তুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *