অপরাজেয় ভারত নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জয়

Spread the love

শুভঙ্কর সরকার নিজস্ব সংবাদদাতা:
সঞ্জু স্যামসন টুর্নামেন্ট সেরা, ম্যাচের সেরা জসপ্রিত বুমরাহ • নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ঐতিহাসিক জয়.দাপুটে পারফরম্যান্সে টি–২০ বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে পরাজিত করে টানা দ্বিতীয়বার এবং মোট তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো ভারত। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই আধিপত্য দেখিয়ে একতরফা জয় তুলে নিলো ভারতীয় দল।
টসে জিতে নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টেনার প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড়ো মেজাজে খেলতে থাকে ভারতীয় ব্যাটসম্যানরা। মাত্র ৬ ওভারেই স্কোরবোর্ডে উঠে যায় ৯৬ রান। এরপরও আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রেখে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ভারত তোলে ২৫৫ রান।
ভারতের হয়ে সঞ্জু স্যামসন ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়া অভিষেক শর্মা ৫২ ও ঈশান কিশান ৫৪ রান করে দলের বড় সংগ্রহ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও ভারতীয় বোলারদের সামনে সেইভাবে টিকতে পারেনি নিউজিল্যান্ড। টিম সেইফার্ট ৫২ ও অধিনায়ক মিচেল স্যান্টেনার ৪৩ রান করলেও দলের বাকি আটজন ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
ভারতের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেন জসপ্রিত বুমরাহ, ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন, এবং ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এছাড়া বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া এবং অভিষেক শর্মাও গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ১৫৯ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
এই জয়ের মাধ্যমে ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের হারের ক্ষত অনেকটাই মুছে ফেলল ভারত। পাশাপাশি পরপর দুইবার টি-২০ বিশ্বকাপ জয়ের নতুন রেকর্ডও গড়ল ভারতীয় দল।
ভারতের এই ঐতিহাসিক জয়ের পর দেশজুড়ে আনন্দের জোয়ার বইছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগন সহ সাধারণ মানুষ ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্তে আতশবাজি ও উদযাপনে যেন অকাল দীপাবলির আবহ তৈরি হয়েছে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত – ২৫৫/৫ (২০ ওভার)
সঞ্জু স্যামসন ৮৯, ঈশান কিশান ৫৪, অভিষেক শর্মা ৫২
নিউজিল্যান্ড – ১৫৯ অলআউট
টিম সেইফার্ট ৫২, মিচেল স্যান্টেনার ৪৩
ফল: ভারত ৯৬ রানে জয়ী। 🏏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *