Spread the love মায়াপুর: ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে মহাসমারোহে পালিত হতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব। আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার ধর্মীয় মর্যাদা ও রীতি-নীতি মেনে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন করা হবে। পরদিন ৫ সেপ্টেম্বর, শনিবার পালিত হবে নন্দোৎসব এবং ইসকন প্রতিষ্ঠাতা আচার্য এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১৩০তম জন্মজয়ন্তী। ইসকন সূত্রে জানা গিয়েছে, জন্মাষ্টমী উপলক্ষে শ্রীধাম মায়াপুরের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ইসকন শাখাকেন্দ্রেও নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই উৎসবকে কেন্দ্র করে দেশ-বিদেশের বহু ভক্তের সমাগমের সম্ভাবনা রয়েছে। ভক্তদের উপস্থিতি ও অনুষ্ঠানকে কেন্দ্র করে মায়াপুরে জোরদার করা হচ্ছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে দিনভর বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন ও ভক্তিমূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে। রাতের বিশেষ সময়ে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব মুহূর্তকে কেন্দ্র করে থাকবে বিশেষ আয়োজন। ইসকনের বক্তব্য অনুযায়ী, বর্তমান সময়ে বিশ্বজুড়ে হিংসা, অশান্তি, যুদ্ধ এবং সামাজিক বিভ্রান্তির পরিস্থিতিতে শ্রীকৃষ্ণের প্রেম, মৈত্রী, শান্তি ও ধর্ম প্রতিষ্ঠার আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক। সেই বার্তাকে সামনে রেখেই এবারের জন্মাষ্টমী উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। উৎসব উপলক্ষে মায়াপুরে আগত ভক্তদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করতে প্রশাসন ও ইসকনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জন্মাষ্টমীকে ঘিরে ইতিমধ্যেই মায়াপুরে উৎসবের আবহ তৈরি হয়েছে। পোস্ট ন্যাভিগেশন ভারত গৌরব সম্মান ২০২৬-এ সম্মানিত বিশিষ্টজনেরা